সারা বাংলা

প্রথমবার নির্বাচিত হয়ে প্রতিমন্ত্রী হলেন পুতুল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়ে সরকার গঠন করেছে বিএনপি ও মিত্র দলগুলো। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তাদের শপথ পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে প্রতিমন্ত্রীর জায়গা পেয়েছেন ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। 

নাটোর-১ (লালপুর–বাগাতিপাড়া) থেকে সংসদ সদস্য নির্বাচিত হন পুতুল। তিনি মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। প্রয়াত সাবেক প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের মেয়ে তিনি।

বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোশাররফ হোসেন বলেন, “আমাদের মেয়ে দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। এটি শুধু একটি রাজনৈতিক পদপ্রাপ্তি নয়; পুরো নাটোর জেলার মানুষের জন্য গর্ব ও সম্মানের বিষয়।” 

তিনি পুতুলকে শিক্ষিত, মেধাবী ও দূরদর্শী নেতৃত্ব হিসেবে উল্লেখ করে বলেন, “তার মাধ্যমে নারী ও শিশু অধিকার রক্ষা এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির কার্যকর বাস্তবায়ন সম্ভব হবে।”

ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের রাজনৈতিক পথচলায় রয়েছে শক্তিশালী পারিবারিক ঐতিহ্য। তার বাবা ফজলুর রহমান পটল একসময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এলাকায় ক্রীড়া ও অবকাঠামোগত উন্নয়নে তার ভূমিকা এখনো স্মরণ করেন স্থানীয়রা। বাবার সেই আসন থেকেই জনগণের ভোটে নির্বাচিত হয়ে পুতুলের প্রতিমন্ত্রী হওয়া অনেকেই উন্নয়নের ধারাবাহিকতার অংশ হিসেবে দেখছেন।

স্থানীয় শিক্ষক নেতা সাজেদুর সাজ্জাদ বলেন, “আমরা চাই নারী শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের সুযোগ আরো বাড়ুক। পুতুলের নেতৃত্বে এ খাতে নতুন কর্মসূচি ও বাস্তবধর্মী উদ্যোগ আসবে এমন প্রত্যাশা করছি।”

তরুণ সমাজকর্মী রাবেয়া খাতুন সুরভী বলেন, “একজন শিক্ষিত ও পেশাদার নারী নেতৃত্ব পাওয়ায় তৃণমূল পর্যায়ে নারীদের জন্য কার্যকর উদ্যোগ নেওয়া সহজ হবে। বিশেষ করে গ্রামীণ নারী উদ্যোক্তা তৈরি ও আত্মকর্মসংস্থানে নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে।”