পবিত্র রমজান সামনে রেখে কুষ্টিয়া পৌর বাজারে হঠাৎ পরিদর্শনে যান জেলা প্রশাসক ইকবাল হোসেন। বুধবার ( ১৮ ফেব্রুয়ারি) সকালে পৌর বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ, মূল্য পরিস্থিতি ও সংরক্ষণ ব্যবস্থা সরেজমিনে ঘুরে দেখেন তিনি।
পরিদর্শনকালে চাল, ডাল, তেল, ছোলা, খেজুরসহ রমজানকেন্দ্রিক পণ্যের মূল্যতালিকা যাচাই করা হয়। কয়েকটি দোকানে স্টক রেজিস্টার ও ক্রয় ভাউচার পরীক্ষা করে ব্যবসায়ীদের প্রয়োজনীয় নির্দেশনা দেন জেলা প্রশাসক। ভোক্তাদের স্বার্থে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি ও কৃত্রিম সংকট তৈরি না করার বিষয়ে হুঁশিয়ারি দেওয়া হয়।
জেলা প্রশাসক ইকবাল হোসেন বলেন, রমজানকে কেন্দ্র করে কেউ যেন অতিমুনাফা বা মজুদদারির সুযোগ নিতে না পারে, সেদিকে প্রশাসনের নজরদারি থাকবে। বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে নিয়মিত তদারকি অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
এ সময় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাজারে প্রশাসনের এমন আকস্মিক উপস্থিতিতে সাধারণ ক্রেতারা সন্তোষ প্রকাশ করেন।