পাবনার আটঘরিয়ায় নেশার টাকা না পেয়ে বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। এ ঘটনার অভিযুক্তকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় উপজেলার মাজপাড়া ইউনিয়নের হারুলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত লোকমান হোসেন (৫৫) ওই গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে। অভিযুক্ত তার ছেলে কামরুল ইসলাম (৩২)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কামরুল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। বুধবার সকালে বাবার কাছে নেশার টাকা চায় কামরুল। এ নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে বাবা লোকমানকে কুপিয়ে গুরুতর জখম করেন ছেলে কামরুল। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আটঘরিয়া থানার ওসি রফিকুল ইসলাম বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।”