বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে মুক্তি পেয়েছে সংগীতশিল্পী পার্থ প্রতীম রায়ের নতুন গান ‘ভালোবাসি বলতে চাই’। এ গান নিয়ে নির্মিত হয়েছে মিউজিক ভিডিও। এতে মডেল হিসেবে অভিনয় করেছেন—মামুন খান, সুস্মিতা এবং শিল্পী পার্থ প্রতীম রায়।
গানটির কথা, সুর ও কণ্ঠ দিয়েছেন পার্থ প্রতীম রায়। পেশায় আইটি বিশেষজ্ঞ ও গবেষক হলেও সংগীতের প্রতি ভালোবাসা থেকেই নিয়মিত গান নিয়ে কাজ করে যাচ্ছেন।
গান প্রসঙ্গে পার্থ প্রতীম রায় বলেন, “ভালোবাসি বলতে চাই’ এটি কেবল একটি গান নয়, বরং আমার হৃদয়ের খুব কাছের এক অনুভূতি। কথা, সুর ও গায়কিতে চেষ্টা করেছি ভালোবাসার সেই চিরাচরিত মায়া আর কাঠগোলাপের মতো শুভ্রতাকে তুলে ধরতে। আশা করি, যারা ভালোবাসতে জানেন এবং ভালোবাসার স্বপ্ন দেখেন, তাদের প্রত্যেকের মনের এক কোণে গানটি জায়গা করে নেবে।”
না বলা ভালোবাসার গল্প নিয়ে নির্মিত এই মিউজিক ভিডিওতে অভিনয় করে নজর কেড়েছেন সুস্মিতা। প্রেমের আবেগ, দ্বিধা এবং ভালোবাসা প্রকাশের মুহূর্তগুলো পর্দায় সাবলীলভাবে তুলে ধরেছেন তিনি।
সুস্মিতা বলেন, “গল্পটা শুনেই আমার ভালো লেগেছিল। খুব সহজ কিন্তু গভীর একটা অনুভূতি আছে। ভালোবাসা প্রকাশ করার সাহসের গল্প—এমন কাজের অংশ হতে পেরে ভালো লাগছে।”
গানটির সংগীতায়োজন এবং মিক্স-মাস্টার করেছেন রূপন চৌধুরী। ভিডিও নির্মাণ করেছেন সি এফ জামান। গানটি মুক্তি পেয়েছে শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেল ‘পিপিআর মিউজিক’-এ।