জাতীয়

জনগণের ম্যান্ডেট পালন করাই আমাদের দায়িত্ব: সমাজকল্যাণমন্ত্রী

সমাজকল্যাণ ও নারী ও শিশু মন্ত্রণালয়ের মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন বলেছেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সবাই মিলে দেশ গড়ার তাগিদ রয়েছে। জনগণের আস্থা ও ম্যান্ডেট যথাযথভাবে পালন করাই আমাদের দায়িত্ব। এ জন্য মন্ত্রণালয়ের উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

আজ বুধবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। সভায় প্রতিমন্ত্রী ফারজানা শারমীন, সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, ‘‘নতুন পরিবেশে এসে দীর্ঘ ১৫ বছর পর গণতন্ত্রের বিজয়ের সুযোগ পেয়েছি। ডেমোক্র্যাটিক অগ্রযাত্রায় অনেক মানুষকে হারিয়েছি, এখনও প্রায় ৮০০ মানুষের খোঁজ নেই। আমরা এখানে কোনো স্বার্থ হাসিল করতে আসিনি; আমাদের লক্ষ্য শুধু জনগণের কল্যাণ ও মন্ত্রণালয়ের উন্নয়ন।’’

প্রতিমন্ত্রী ফারজানা শারমীন বলেন, ‘‘আমি বাবার কাজের ধারাবাহিকতা ধরে মন্ত্রণালয়কে আরও এগিয়ে নিতে চাই। এজন্য সকলের সহযোগিতা প্রয়োজন।’’

এর আগে মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে সচিব এবং কর্মকর্তারা ফুল দিয়ে বরণ করেন এবং শুভেচ্ছা জানান।