বিনোদন

‘পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে চায়’

সমাজে নারীদের অনেক পরিবর্তনের কথা বলা হলেও আদতে তা বাস্তব নয়। ঘরে নারীরা এখনো পিতৃতন্ত্র ও পক্ষপাতের শিকার। বিয়ের পর শ্বশুরবাড়ির চাপে নারীরা তাদের সামান্য ইচ্ছেও পূরণ করতে পারেন না। কেবল তাই নয়, পুরুষ এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে চান বলেও মন্তব্য করেছেন বলিউডের বরেণ্য অভিনেত্রী নীনা গুপ্তা। 

শুভঙ্কর মিশ্রার সঙ্গে আলাপকালে নীনা গুপ্তা বলেন, “ভারতীয় সমাজে এখনো ‘কুমারী কনে’ পাওয়া অনেক পুরুষের কাছে বড় বিষয়। পুরুষরা স্ত্রী হিসেবে কুমারী কনে চায়।” 

এরপর সঞ্চালক জানতে চান, আজকালও ‘কুমারী’ ব্যাপারটি বড় কোনো বিষয়? জবাবে নীনা গুপ্তা বলেন, “এখন কী বদলেছে? আপনি কি ভারতের কথা বলছেন? কে বলেছে, মানুষ খুব উদার হয়েছে? আমাদের দেশে অনেক কিছুই বদলায়নি। এখনো নারীরা মাথায় আঁচল দিয়ে শ্বশুরের পা ছুঁয়ে প্রণাম করে। আপনি আর আমি সংখ্যালঘু, আমরা আসল ভারতীয় নই। আমরা যারা ভালো পোশাক পরি, সুন্দর করে কথা বলি—তারাই ভারতীয় নয়।” 

একটি ঘটনা উল্লেখ করে নীনা গুপ্তা বলেন, “একটা উদাহরণ দিই। আমার বাবার দিকের এক আত্মীয় মুম্বাইয়ের একটি বড় আর্থিক সংস্থায় কাজ করা ছেলেকে বিয়ে করেছিলেন। পরে আমার বাবা ছেলে-মেয়ে এবং তাদের পরিবারকে বাড়িতে ডেকে এনে কথা বলেন। কারণ মেয়েটি মুম্বাইয়ে স্বামীর পরিবারের সঙ্গে থাকতে রাজি হচ্ছিল না। মেয়েটি সাই বাবার ভক্ত, তাই সে তাদের ঘরে সাই বাবার ছবি রেখেছিল। কিন্তু তার শাশুড়ি সেই ছবি রাখতে দেননি। বরং বলেছেন, তারা যাকে গুরু মানেন তার ছবি রাখতে হবে।” 

নীনা গুপ্তা তার ভাতিজির একটি ঘটনা এ আলাপচারিতায় তুলে ধরেন। এ অভিনেত্রীর ভাষায়—“আরেকটি উদাহরণ দিই। আমার ভাতিজিকে তার শাশুড়ি বলেছিলেন, ‘সে তার নিজের পরিবারের ছবি বিছানার পাশের টেবিলে রাখতে পারবে না।’ দেশে নারীদের অবস্থার পরিবর্তন আনতে আমাদের এখনো অনেক পথ পারি দিতে হবে।” 

নীনা গুপ্তা ১৯৮২ সালে ‘সাথ সাথ’ সিনেমার মাধ্যমে বলিউড পা রাখেন। এরপর দীর্ঘদিন বড়পর্দার পাশাপাশি টেলিভিশনেও অভিনয় করেছেন। তবে ব্যক্তিগত জীবনে বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দুতে থেকেছেন নীনা গুপ্তা। কারণ আশির দশকে ক্যরিবিয়ান ক্রিকেট তারকা ভিভ রিচার্ডসের সঙ্গে গভীর প্রেমের সম্পর্কে জড়ান তিনি। ওই সময়ে এ জুটির চর্চিত প্রেম কাহিনি বহুবার সংবাদ শিরোনাম হয়েছে। ১৯৮৯ সালে ভিভের সঙ্গে বিয়ে না করেই তার সন্তানের জন্ম দেন। তারপর শুরু হয় এ অভিনেত্রীর নতুন লড়াই। তবে জীবনের হাল ছাড়েননি এই অভিনেত্রী। 

২০০৭ সালে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট বিবেক মেহরাকে বিয়ে করেন নীনা গুপ্তা। তখন নীনার কন্যা মাসাবার বয়স ১৮ বছর। তবে এ সংসারে নীনার আর কোনো সন্তান নেই।

*ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে