কুষ্টিয়া পৌরসভার ২১টি ওয়ার্ডে ‘ওএমএস ডিলার নীতিমালা-২০২৪’ বাস্তবায়নের লক্ষ্যে উন্মুক্ত লটারির মাধ্যমে ডিলার নিয়োগ সম্পন্ন হয়েছে। পুরো প্রক্রিয়াটি স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনা করা হয়।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ লটারি কার্যক্রম অনুষ্ঠিত হয়।
সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে নতুন নীতিমালা অনুযায়ী এই নিয়োগ প্রক্রিয়া হাতে নেওয়া হয়।
কুষ্টিয়ার জেলা প্রশাসক ও জেলা ওএমএস কমিটির সভাপতি মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে লটারি কার্যক্রম সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। লটারি পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহাঙ্গীর আলম।
নিয়োগ প্রক্রিয়া নিয়ে যেন কোনো প্রশ্ন না ওঠে, সে লক্ষ্যে সবার উপস্থিতিতে স্বচ্ছ বক্সের মাধ্যমে লটারি অনুষ্ঠিত হয়। এ সময় পৌর এলাকার বিভিন্ন পর্যায়ের আবেদনকারী ডিলার ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপস্থিত আবেদনকারীরা জেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানান এবং প্রক্রিয়ার স্বচ্ছতায় সন্তোষ প্রকাশ করেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. ইকবাল হোসেন বলেন, “সরকারের নীতিমালা অনুসরণ করে শতভাগ স্বচ্ছতার সঙ্গে ডিলার নিয়োগ নিশ্চিত করা হয়েছে। ওএমএস কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষ যাতে ন্যায্যমূল্যে খাদ্যশস্য পায়, সে বিষয়ে প্রশাসন সজাগ থাকবে।” পাশাপাশি ডিলারদের সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।