জাতীয়

ইশতেহার বাস্তবায়নে সচিবদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি যে ইশতেহার দিয়ে বিজয়ী হয়েছে, সেগুলো কার্যকরভাবে জনগণের কাছে জন্য পৌঁছে দিতে সচিবদের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে বৈঠকে প্রধানমন্ত্রী সচিবদের প্রতি এই আহ্বান রাখেন। 

বৈঠক শেষে ভূমি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব এ এস এম সালেহ আহমেদ সাংবাদিকদের বলেন, “প্রধানমন্ত্রী বলেছেন, যেহেতু তিনি রাজনীতিতে আছেন, তার ইশতেহার রয়েছে। সচিবরা সরকারি কর্মকর্তা হিসেবে রাজনীতির অংশ নয়। জনগণ জাতীয়তাবাদী দলের ইশতেহার দেখে ভোট দিয়েছে এবং সমর্থন প্রকাশ করেছে।”

“প্রধানমন্ত্রী কর্মকর্তাদের অনুরোধ করেছেন, তারা নিজেদের মেধা কাজে লাগিয়ে জনগণের স্বার্থে দেশের জন্য ভালো কাজ করবেন,” বলেন তিনি।

সচিবদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, “আমরা আপনাদের সহযোগিতা চাই।”

বৈঠকটি দুপুর সাড়ে ৪টায় শুরু হয়ে ১৫ মিনিটের মধ্যে শেষ হয়। সচিবদের সহযোগিতার বিষয়টি ছাড়া বৈঠকে অন্য কোনো গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়নি। 

ভূমি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব বলেন, “জনগণের প্রত্যাশা অনুযায়ী ইশতেহার বাস্তবায়নই প্রধানমন্ত্রীর নির্দেশনার প্রধান উদ্দেশ্য।”