অর্থনীতি

সরকার নিয়োগ দিলেও নাবিল বলছেন, সম্মিলিত ব্যাংকের এমডি হতে অপারগ

সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে নিয়োগের মাত্র দুই দিন পর দায়িত্ব গ্রহণে অনীহা জানিয়েছেন নাবিল মুস্তাফিজুর রহমান; যিনি ব্যক্তিগত কারণে এই দায়িত্ব পালনে অপারগতার কথা জানিয়ে ব্যাংকটির চেয়ারম্যানের কাছে চিঠি দিয়েছেন।

চিঠিতে তিনি জানান, ব্যক্তিগত কারণে তার পক্ষে এ দায়িত্ব পালন করা সম্ভব নয়। চিঠিতে নাবিল মুস্তাফিজুর রহমান বলেন, একান্ত ব্যক্তিগত কারণেই তিনি এমডি ও সিইও হিসেবে দায়িত্ব গ্রহণ থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছেন।

বিষয়টি সম্পর্কে অবহিত সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আইয়ুব মিয়া বলেন, মঙ্গলবার তিনি (নাবিল মুস্তাফিজুর) তার ব্যক্তিগত কারণ দেখিয়ে দায়িত্ব গ্রহণ না করার বিষয় চিঠি দিয়েছেন। তার নিয়োগ অর্থ মন্ত্রণালয় দিয়েছিল; এখন নতুন এমডি দেওয়ার বিষয়ে তারাই সিদ্ধান্ত নেবে।

এর আগে অর্থ মন্ত্রণালয় আর্থিক প্রতিষ্ঠান বিভাগ গত ১৫ ফেব্রুয়ারি তাকে এমডি হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে। চিঠিতে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয় তাকে।

ব্যাংক খাতের ৩২ বছরেরও বেশি অভিজ্ঞতাসম্পন্ন নাবিল মুস্তাফিজুর রহমান ইউসিবি ব্যাংকে ২০২৪ সালের অক্টোবরে যোগ দেন। এর আগে তিনি হাবিব ব্যাংক লিমিটেড (এইচবিএল) বাংলাদেশে কান্ট্রি চিফ রিস্ক অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। 

এইচবিএল বাংলাদেশে যোগদানের আগে তিনি ২০১৮ সালে ইউসিবির ডিএমডি হিসেবে যোগ দেন। ২০২০ সালে পদোন্নতি পেয়ে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে ঝুঁকি ব্যবস্থাপনা, ইসলামিক ব্যাংকিং এবং ট্রানজেকশন ব্যাংকিংয়ের দায়িত্বে ছিলেন।

সংকটে থাকা পাঁচটি ব্যাংক একত্রিত করে ‘সম্মিলিত ইসলামি ব্যাংক’ গঠন করা হয়। ব্যাংকগুলো হলো- এক্সিম, সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, গ্লোবাল ইসলামী ও ইউনিয়ন ব্যাংক। সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির পরিশোধিত মূলধন নির্ধারণ করা হয়েছে ৩৫ হাজার কোটি টাকা। এর মধ্যে সরকার দিয়েছে ২০ হাজার কোটি এবং আমানতকারীদের শেয়ার থেকে আসবে বাকি ১৫ হাজার কোটি টাকা। অনুমোদিত মূলধন রাখা হয়েছে ৪০ হাজার কোটি।