সারা বাংলা

বাড়তি দামের বোঝা কাঁধে নিয়েই রমজান শুরু সিলেটবাসীর

পবিত্র রমজান শুরু হলো বাড়তি দামের চাপ কাঁধে নিয়েই। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমার কোনো লক্ষণ না থাকায় নগর ও জেলার বিভিন্ন বাজারে ক্রেতাদের মুখে স্বস্তির বদলে শঙ্কা। ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ স্বাভাবিক আছে তবে পাইকারি বাজারে দাম বেশি থাকায় খুচরা পর্যায়েও তার প্রভাব পড়ছে।

ক্রেতাদের অভিযোগ, ২৪ ঘণ্টার ব্যবধানে প্রতিটি পণ্যের দাম বেড়েছে ১০ থেকে ২০ টাকা করে। যা বাড়িয়ে তুলছে মধ্যবিত্ত ও দারিদ্র মানুষের খরচের হিসাব।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) নগরের বন্দরবাজার, আম্বরখানা, সুবিদবাজার এলাকা ঘুরে দেখা যায়, রোজার প্রথম দিনের কেনাকাটায় ভিড় থাকলেও ক্রেতাদের আগ্রহের চেয়ে প্রয়োজনই বেশি। অনেকেই তালিকা ছোট করেছেন। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো একসঙ্গে বেশি কিনছেন না প্রতিদিনের চাহিদা অনুযায়ী কিনে বাড়ি ফিরছেন।

বাজার ঘুরে দেখা গেছে, ছোলা, মসুর ডাল, সয়াবিন তেল, চিনি ও খেজুর রমজানকেন্দ্রিক প্রধান পণ্যগুলোর বেশির ভাগই আগের মাসের তুলনায় বেশি দামে বিক্রি হচ্ছে। ভালো মানের খেজুরে কেজিতে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত বেশি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন কয়েকজন ক্রেতা। বোতলজাত সয়াবিন তেলের দামও নির্ধারিত মূল্যের কাছাকাছি বা কোথাও কোথাও বেশি আবারও অনেক দোকানে সয়াবিন তেলের সংকট। খোলা তেলের দাম তুলনামূলক কম হলেও মান নিয়ে প্রশ্ন রয়েছে।

এছাড়া রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মধ্যে যে পেঁয়াজ গেল সপ্তাহে ছিল ৪০ থেকে ৫০ টাকা কেজি সেটি এবার বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা, রসুন গেল সপ্তাহে ছিল ১৫০ টাকা বুধবার থেকে এটি ২৩০ টাকা। রমজানে মূল উপকরণ ছানার ডাল বিক্রি হচ্ছে ৯০ টাকা কেজি যা আগে ছিল ৮০ টাকা, মসুর ডাল বিক্রি হচ্ছে ৮৫ থেকে ৯০ টাকা কেজিতে যা গত সপ্তাহে ছিল ৭৮ টাকা। তাছাড়া গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৫০ কেজিতে তবে স্থানভেদে কোথাও কোথাও ১০-১৫ টাকা বেশি রাখা হচ্ছে। তাছাড়া বাহির থেকে আমদানি করা খেজুরের দামে আগুন লেগেছে ২৪ ঘণ্টার ব্যবধানে। আরবের দিহাদি ব্রান্ডের খেজুর মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ২৪০ টাকা কেজিতে বিক্রি করা হলেও বুধবার থেকে (১৯ ফেব্রুয়ারি) সেটি বিক্রি হচ্ছে ২৮০ থেকে ২৯০ টাকায়, একটু উন্নত জাতের ফরিদা ব্রান্ডের খেজুর বিক্রি হচ্ছে ৫৫০ টাকা কেজিতে। তবে ব্রয়লার মুরগির ও ডিমের দাম কিছুটা কমেছে। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৮৫ টাকা কেজিতে এবং মুরগি ও হাঁসের ডিম বিক্রি হচ্ছে ৩৫ ও ৪৫ টাকা হালিতে।

অন্যদিকে, সবজির বাজারেও আগুন লেগেছে দামে। বেগুন, শশা, গাজর, কাঁচামরিচ, টমেটো সব ধরণের সবজিতে দাম বেড়েছে ১০-১৫ টাকা।  

নগরের আম্বরখানা বড়বাজার এলাকার বাসিন্দা আব্দুর রউফ বলেন, গত বছর যে বাজার করতাম তিন হাজার টাকায়, এখন একই জিনিসে চার হাজারের কাছাকাছি লাগছে। রোজায় খরচ একটু বাড়বেই, কিন্তু এবার বাড়তি চাপটা বেশি। বেতন বা আয় সেই হারে বাড়েনি ফলে সঞ্চয় ভেঙেই বাড়তি খরচ সামলাতে হচ্ছে।

খুচরা ব্যবসায়ীদের বক্তব্য ভিন্ন। আম্বরখানা এলাকার এক খুচরা বিক্রেতা ফেরদৌস ইসলাম বলেন, “পাইকারি বাজারে দাম বেশি থাকায় তাদের কিছু করার নেই। পরিবহন খরচ, গুদামজাত ব্যয় এবং ডলারের প্রভাব সব মিলিয়েই দাম বেড়েছে। আমরা খুব বেশি লাভ করছি না, প্রতিযোগিতা বেশি। কিন্তু পাইকারি যে দামে কিনছি, তার কমে বিক্রি করলে টিকতে পারব না।”

নগরীর সুরমা বাজার নামে পাইকারী দোকান ব্যাবসায়ী পাপ্পু আহমেদ বলেন, বাজারে এখন থেকেই সংকট সৃষ্টি করতে চাচ্ছে একটি মহল। যার কারণে পণ্যের দাম বেড়ে যাচ্ছে। বিশেষ করে সয়াবিন তেলের দাম বেড়ে গেছে এবং তেলের সংকটও তৈরি করা হয়েছে। আমরা কোম্পানিকে বলেছি তেল দিতে, তারা জানিয়েছে, তেল নাই। সরকারকে অনুরোধ করছি এই সিন্ডিকেটটা ভেঙে দিতে।

এদিকে প্রশাসনের পক্ষ থেকে বাজার তদারকির কথা বলা হলেও ক্রেতারা বলছেন, বাস্তবে তার প্রভাব খুব একটা চোখে পড়ছে না।

বন্দরবাজার এলাকায় বাজার করতে আসা নাছিমা বেগম বলেন, বাজার মনিটরিংয়ের অভাব থাকায় অনেক দোকানি পণ্যের দাম বাড়িয়ে তুলছেন। যার কারণে আমাদের বিপদে পড়তে হচ্ছে, বেশি দাম দিয়েই পণ্য কিনতে হচ্ছে।

সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাঈদা পারভীন বলেন, রমজানকে সামনে রেখে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও মূল্যতালিকা টাঙানোর নির্দেশনা দেওয়া হয়েছে। তাছাড়া বাজার নিয়ন্ত্রণে ৫টি মনিটরিং টিম গঠন করা হয়েছে।