বিনোদন

বনির আগে সিরিয়াস একটি প্রেমের সম্পর্কে ছিলাম: কৌশানী

ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় তারকা জুটি কৌশানী মুখার্জি এবং বনি সেনগুপ্ত। পর্দায় যেমন তাদের রসায়ন দর্শককে মুগ্ধ করেছে, বাস্তব জীবনেও বহু বছর ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন তারা। শুধু তাই নয়, একসঙ্গে একটি প্রযোজনা সংস্থাও গড়ে তুলেছেন এই যুগল। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে কৌশানী মুখার্জি তার অতীত সম্পর্ক নিয়ে কথা বলেছেন। এ অভিনেত্রী জানান, বনির সঙ্গে প্রেমে জড়ানোর আগেও তার জীবনে একটি সিরিয়াস সম্পর্ক ছিল। 

ভারতীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কৌশানী মুখার্জি বলেন, “ইন্ডাস্ট্রিতে আসার আগে আমার একটা রিলেশন ছিল। মানে বনির আগে আমার একটা সম্পর্ক ছিল এবং আমরা খুব সিরিয়াস রিলেশনশিপেই ছিলাম। সেই সময়ে আমার ক্যারিয়ারের শুরু। ইন্ডাস্ট্রির চাকচিক্য, কাজ, প্রতিষ্ঠা, সঙ্গে ইমম্যাচিউরিটি—সবটা মিলিয়েই ওই সম্পর্কটা সাসটেন করেনি। পূর্ব অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েছি বলতে পারেন।” 

সম্পর্ক ও কাজকে আলাদা করে দেখেন কৌশানী। তার মতে—“কাজটা কাজের জায়গায়, আর সম্পর্কটা সম্পর্কের মতো।” 

মজার ছলে বনি সেনগুপ্তকে কাজের জন্য রেকমেন্ড না করার কথাও বলেন অভিনেত্রী। কৌশানী বলেন, “মাঝে মধ্যে আমি বনিকে বলতাম— তুমি এত ভালো ভালো কাজ করছ, আমাকে কেন কোথাও রেকমেন্ড কর না?” 

কাজ চাওয়া নিয়ে নিজের স্পষ্ট অবস্থান জানিয়ে কৌশানী বলেন, “সত্যি কথা বলতে— কাজ চাইতে আমার কখনো কোনো সমস্যা হয়নি। আমি যত বড় অভিনেত্রী হয়ে যাই না কেন, কাজ চাইতে আমার কোনো লজ্জা নেই। কারণ আমি কাউকে কাজের জন্যই প্রস্তাব দিচ্ছি, অন্য কোনো কিছুর জন্য নয়।” 

‘পারব না আমি ছাড়তে তোকে’ সিনেমার মাধ্যমে বিনোদন জগতে প্রথম পা রাখেন কৌশানী মুখার্জি। এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করেন বনি সেনগুপ্ত। সিনেমাটি মুক্তির পর দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা পায় বনি-কৌশানী জুটি। এরপর ধীরে ধীরে পর্দার প্রেম বাস্তব জীবনেও রূপ নেয়। 

এর আগে এক সাক্ষাৎকারে বনি সেনগুপ্ত তাদের প্রেমের শুরু নিয়ে জানিয়েছিলেন, “রাজদার অফিসে ওর সঙ্গে আমার প্রথম দেখা, ওয়ার্কশপ করার সময়। প্রেম, ধীরে ধীরে শুটিং করতে করতে শুরু হয়েছিল। যখন বুঝলাম যে ওকে আমি মিস করছি। বুঝতে পারি এটা ফ্রেন্ডশিপের থেকেও বেশি কিছু।” 

রায়চকে শুটিং করতে গিয়ে কৌশানীকে প্রেম নিবেদন করেন বনি। আর সেই প্রস্তাবে আর ‘না’ বলতে পারেননি কৌশানী। 

সম্পর্ক নিয়ে কখনো লুকোছাপা করেননি বনি-কৌশানী। বরং নানা সময় প্রকাশ্যেই তাদের ভালোবাসার মুহূর্ত ভাগ করে নিয়েছেন ভক্তদের সঙ্গে। একইসঙ্গে বড়পর্দাতেও একাধিক সিনেমায় জুটি বেঁধে দর্শকদের উপহার দিয়েছেন প্রেম ও রোমান্সের গল্প।