অর্থনীতি

রমজানে বদলে গেল ব্যাংকের সময়

আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে পবিত্র রমজান মাস শুরু হয়েছে। এই মাসে ব্যাংকের লেনদেন চলবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। অফিস চলবে সকাল সাড়ে ৯টা থেকে থেকে বিকেল ৪টা পর্যন্ত।

বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড এনালিটিক্স ডিপার্টমেন্ট এক সার্কুলারে রমজানের ব্যাংকের সময়সূচি জানিয়েছে।

সার্কুলারে বলা হয়, দেশে কার্যরত সব তফসিলি ব্যাংক পবিত্র রমজান মাসে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে। এর মধ্যে বেলা ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। তবে, এ সময়ে বিকল্প ব্যবস্থায় লেনদেন অব্যাহত রাখতে হবে।

সাধারণত সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ব্যাংকে লেনদেন হয়। ব্যাংকের অফিস সময় থাকে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। তবে, প্রতি বছরের রমজান মাসে অফিস ও লেনদেনের সময়সূচিতে পরিবর্তন করে কেন্দ্রীয় ব্যাংক। পবিত্র রমজান মাস শেষে অফিস সময়সূচি আগের অবস্থায় ফিরে আসবে বলে সার্কুলারে বলা হয়েছে।