সারা বাংলা

সিলেটে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ছাতক

সিলেটসহ আশেপাশে এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৪৬ মিনিটে সুনামগঞ্জের ছাতক উপজেলায় ৪ দশমিক ১ মাত্রার মৃদু ভূমিকম্প আঘাত হানে। এতে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা স্বাক্ষরিত এক বার্তায় ভূমিকম্পের এ তথ্য জানানো হয়েছে।  

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও গবেষণা কেন্দ্রের তথ্যে জানা গেছে, দুপুর ১২টা ৪৬ মিনিট ৫৬ সেকেন্ডে ভূমিকম্পটি অনুভূত হয়। এর উপকেন্দ্র ছিল সুনামগঞ্জের ছাতক এলাকায় (অক্ষাংশ ২৪ দশমিক ৯৭ ডিগ্রি উত্তর এবং দ্রাঘিমাংশ ৯১ দশমিক ৬৮ ডিগ্রি পূর্ব)।

রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র থেকে উপকেন্দ্রটির দূরত্ব প্রায় ১৮৭ কিলোমিটার উত্তর-পূর্বে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ১, যা ‘লাইট’ বা হালকা মাত্রার ভূমিকম্প হিসেবে শ্রেণিভুক্ত।