দেশজুড়ে ছড়িয়ে থাকা তিন লাখেরও বেশি উদ্যোক্তা (এজেন্ট)-এর সন্তানদের অংশগ্রহণে পবিত্র কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার আয়োজন করেছে মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ।
‘সন্তানের কণ্ঠে কুরআন তিলাওয়াত’ শীর্ষক এ প্রতিযোগিতার আয়োজন করছে নগদ ইসলামিক। ইতোমধ্যে প্রতিযোগিতাটি নগদ উদ্যোক্তাদের সন্তানদের জন্য উন্মুক্ত করা হয়েছে।
আয়োজনের মূল লক্ষ্য পবিত্র রমজান মাসের মহিমা শিশুদের মাঝে ছড়িয়ে দেওয়া এবং নতুন প্রজন্মকে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ করা।
প্রতিযোগিতাটি তিনটি বয়সভিত্তিক বিভাগে অনুষ্ঠিত হচ্ছে। প্রথম বিভাগে ৩ থেকে ৬ বছর বয়সী শিশুরা অংশ নিতে পারবে। দ্বিতীয় বিভাগে ৬ বছরের বেশি থেকে ১১ বছর বয়সীরা এবং তৃতীয় বিভাগে ১১ বছরের বেশি থেকে ১৬ বছর বয়সীরা অংশগ্রহণের সুযোগ পাবে।
অংশগ্রহণের নিয়ম অনুযায়ী, নগদের উদ্যোক্তারা তাদের সন্তানের ১ থেকে ২ মিনিটের পবিত্র কুরআন তিলাওয়াতের ভিডিও ধারণ করে নির্ধারিত গুগল ফর্মের লিঙ্কে আপলোড করবেন। আপলোডের সময় প্রয়োজনীয় তথ্যও জমা দিতে হবে। সহজ এই প্রক্রিয়ার মাধ্যমে দেশের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার সুবিধার্থে বিভক্ত ১০টি অঞ্চলের সকল নগদ উদ্যোক্তার সন্তান নিজ নিজ অবস্থান থেকেই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে।
গত ৫ ফেব্রুয়ারি প্রতিযোগিতা উন্মুক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত তিন হাজারেরও বেশি উদ্যোক্তার সন্তান অংশগ্রহণ নিশ্চিত করেছে। প্রতিদিনই নিবন্ধনের সংখ্যা বাড়ছে।
জমাকৃত ভিডিওগুলো নগদ ইসলামিকের শরীয়াহ সুপারভাইজরি কমিটির তত্ত্বাবধানে মূল্যায়ন করা হবে। প্রথম ধাপে প্রতিটি অঞ্চলের প্রতি বয়স বিভাগ থেকে তিনজন করে মোট ৯০ জনকে নির্বাচিত করা হবে। এদের মধ্যে প্রতিটি অঞ্চলের প্রতি বয়স বিভাগে প্রথম স্থান অর্জনকারী মোট ৩০ জন প্রতিযোগী ঢাকায় নগদের প্রধান কার্যালয়ে গ্র্যান্ড ফিনালেতে অংশ নেবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী মোট ৬০ জনকে বিশেষ সনদ প্রদান করা হবে।
চূড়ান্ত পর্বে প্রতিটি বয়স বিভাগ থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী মোট ৯ জন জাতীয় পর্যায়ের বিজয়ী নির্বাচিত হবে। বিজয়ীদের আকর্ষণীয় নগদ অর্থ পুরস্কারের পাশাপাশি ক্রেস্ট ও সনদ প্রদান করবে নগদ ইসলামিক। ফাইনাল পর্বে নির্বাচিত প্রতিযোগীদের সঙ্গে একজন করে অভিভাবককে সমাপনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে।
পুরো আয়োজন সম্পর্কে নগদ ইসলামিকের শরীয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. এইচ এম শহীদুল ইসলাম বারাকাতি বলেন, “বিগত আয়োজনের সাফল্যের ধারাবাহিকতায় আমাদের উদ্যোক্তাদের সন্তানদের জন্য আবারও এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিযোগিতাটি শিশুদের শুদ্ধভাবে কুরআন তিলাওয়াত শিখতে সহায়তা করবে বলে আমি বিশ্বাস করি। এর মাধ্যমে ছোটবেলা থেকেই তাদের মধ্যে ভালো কাজের প্রতি আগ্রহ তৈরি হবে এবং তারা সুন্দর ও সুশৃঙ্খল মানুষ হিসেবে গড়ে ওঠার অনুপ্রেরণা পাবে। মূলত একটি আদর্শ জীবন গড়ার প্রাথমিক প্রেরণা হিসেবেই নগদ ইসলামিক এ আয়োজন করে থাকে।”
এর আগেও নগদ উদ্যোক্তাদের সন্তানদের নিয়ে ‘সন্তানের কণ্ঠে কুরআন তিলাওয়াত’ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। সেবারও আয়োজনটি ইতিবাচক সাড়া ফেলেছিল।