সারা বাংলা

জমি নিয়ে বিরোধে বোন জামাই ও ভাগ্নের হাতে প্রাণ গেল কৃষকের

ঝিনাইদহে জমি নিয়ে বিরোধের জেরে বোন জামাই ও ভাগ্নের মারপিটে কেসমত আলী (৫৬) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) শৈলকুপা উপজেলার ত্রিবেনী ইউনিয়নের বসন্তপুর জয়ন্তী নগর গ্রামে এ ঘটনা ঘটে। কেসমত আলী ওই গ্রামের মৃত সিরাজ সর্দারের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, গত কয়েক বছর ধরে কেসমত আলীর সঙ্গে তার ছোট বোন জামাই নবছদ্দির জমি নিয়ে বিরোধ চলছিল। বৃহস্পতিবার সকালে নবিছদ্দি ও কেসমত আলীর এ নিয়ে বাক-বিতণ্ডা হয়। একপর্যায়ে নবিছদ্দি ও তার পরিবারের লোকজন কেসমত আলীকে পিটিয়ে গুরুতর আহত করে। আহতাবস্থায় তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফারিয়া তাহসিন বলেন, “কেসমত আলীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। আঘাতজনিত কারণ অথবা স্ট্রোক করেও তার মৃত্যু হতে পারে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে সঠিক কারণ জানা যাবে।”

শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা বলেন, “এ ঘটনায় অভিযুক্ত নবিছদ্দি ও তার ছেলে রফিকুলকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করা হলে সেই মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হবে।”