সারা বাংলা

সড়ক বিভাজকে বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কা, তরুণ নিহত

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় সড়কবিভাজকের সঙ্গে ধাক্কা লেগে আশিক হোসেন (২০) নামে এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেরের অপর আরোহী।  

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি)  সকালে উপজেলা সদরে পঞ্চরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আশিক টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মামুদনগর ইউনিয়নের বাড়িগ্রাম এলাকার মওলা মিয়ার ছেলে। আহত আলামিনকে (৩০) ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঘিওর থানা-পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নাগরপুরের বাড়িগ্রাম এলাকার বাড়ি থেকে মোটরসাইকেলে করে আশিক ও আলামিন পাটুরিয়া ফেরিঘাট এলাকায় যাচ্ছিলেন। পথে ঘিওরের পঞ্চরাস্তা এলাকায় বেপরোয়া গতির মোটরসাইকলেটির সড়ক বিভাজকের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে আশিকের মৃত্যু হয়। স্থানীয় লোকজন আহত আলামিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ঘিওর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।