খেলাধুলা

জয় উপহার দিয়ে ট্রটকে বিদায় দিল আফগানিস্তান

মাঠে নামার আগে আফগানিস্তান খানিকটা আনুষ্ঠানিকতা সারল। চেন্নাইয়ে কানাডার বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ ম্যাচ খেলতে নামার আগে কোচ জনাথন ট্রটকে বিদায় দেয় তারা। এই ম্যাচ দিয়েই ট্রটের আফগানিস্তানের অধ্যায় শেষ হচ্ছে। তার হাত ধরেই টি-টোয়েন্টি বিশ্বকাপের গত আসরে সেমিফাইনাল খেলেছিল আফগানিস্তান। এবার গ্রুপ পর্ব থেকেই বিদায় নবী, রশিদ, গুলবাদিনদের।

পারফরম্যান্স ভালো না হওয়াতে বিশ্বকাপের মিশনে তারা ব্যর্থ। তবে ট্রটকে খালি হাতে ফেরাননি। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে জয়ের পর কানাডার বিপক্ষেও হেসেখেলে জিতেছে আফগানিস্তান।

বৃহস্পতিবার চেন্নাইয়ে আফগানিস্তান জিতেছে ৮২ রানে। আগে ব্যাটিং করতে নেমে আফগানিস্তান ৪ উইকেটে ২০০ রান তোলে। জবাব দিতে নেমে কানাডা ৮ উইকেটে ১১৮ রানের বেশি করতে পারেনি।

আফগানিস্তানের জয়ের নায়ক ওপেনার ইব্রাহিম জাদরান। ৫৬ বলে ৯৫ রান করেন ৭ চার ও ৫ ছক্কায়। আগের ম্যাচগুলোতে ঠিকঠাক জ্বলে উঠতে পারেননি জাদরান। শেষ ম্যাচে দলের চাওয়া পূরণ করেছেন। এছাড়া আরেক ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ২০ বলে ৩০ রান করেন। তিনে নেমে গুলবাদিন নাইব ১ রানের বেশি করতে পারেননি।

চারে নেমে সেদিকুল্লাহ অতল ৩২ বলে ৪৪ রান করেন। এছাড়া আজমতউল্লাহ উমারজাই ১৩ ও দারউস রাসুল ৪ রান করেন। ইব্রাহিমের সেঞ্চুরি পাওয়ার সুযোগ ছিল। কিন্তু শেষ দিকে তেমন স্ট্রাইক পাননি তিনি।

কানাডার বোলারদের মধ্যে ৫২ রানে ৩ উইকেট নেন জাসকারান সিং।

জবাব দিতে নেমে কানাডার ব্যাটিং ভালো হয়নি। ত্রিশের ঘর পেরোতে পারেননি কেউ। বিশের ঘরে পেরিয়েছেন কেবল দুজন। সর্বোচ্চ ৩০ রান করেন হার্শ ঠাকের। ২৮ রান আসে সাদ বিন জাফরের ব্যাট থেকে। বাকিরা কেউই পারেননি অবদান রাখতে। অভিজ্ঞ স্পিনার মোহাম্মদ নবী ৭ রানে নেন ৪ উইকেট। ২ উইকেট পেয়েছেন রশিদ খান।

৪ পয়েন্ট নিয়ে তিন নম্বরে থেকে বিশ্বকাপ শেষ করলো আফগানিস্তান। কানাডা ৪ ম্যাচের ৪টিই হেরেছে। এই গ্রুপ থেকে দক্ষিণ আফ্রিকা ও নিউ জিল্যান্ড সুপার এইটে উঠেছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আফগানিস্তান সুপার ওভারে হেরেছে। ওই ম্যাচটি জিততে পারলে গ্রুপের চিত্র পাল্টে যেত।