সারা বাংলা

যশোরে গ্রাম্য ডাক্তারকে ছুরিকাঘাতে হত্যা

যশোরের শার্শা উপজেলায় তারাবির নামাজ পড়ে বাড়ি ফেরার সময় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক গ্রাম্য চিকিৎসক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বারিপোতা গ্রামে হত্যাকাণ্ডটি ঘটে।

নিহত ব্যক্তির নাম আল আমিন। তিনি নাভারন এলাকার রফিকুল ইসলামের ছেলে। 

স্থানীয় সূত্র জানায়, আল আমিন তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। একদল দুর্বৃত্ত তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন আল আমিনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক আল আমিনকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করে।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হাসান জানান, তিনি বর্তমানে ছুটিতে রয়েছেন। থানার দায়িত্বে থাকা তদন্ত কর্মকর্তা বিষয়টি দেখছেন। তবে, তিনি জানতে পেরেছেন, নামাজ পড়ে ফেরার পথে ওই ব্যক্তিকে হত্যা করা হয়েছে।

থানার ইন্সপেক্টর (তদন্ত) শাহ আলম জানান, তিনি ঘটনাস্থলে পৌঁছেছেন এবং বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তে পুলিশ কাজ শুরু করেছে।