বেধড়ক মারধরের শিকার হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী মনিরা মিঠুর বড় ছেলে মুশফিক ইসলাম উপন্যাস। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর দিয়াবাড়ি মেট্রোরেল স্টেশনের পাশে এ ঘটনা ঘটে।
মনিরা মিঠু খবরটি সোশ্যাল মিডিয়ায় জানানোর পর উদ্বিগ্ন হয়ে পড়েছেন তার সহশিল্পী, আত্মীয়-স্বজন ও ভক্ত-অনুরাগীরা। ন্যাক্কারজনক এই ঘটনার দোষীদের বিচারের আওতায় আনার জোর দাবি জানান তারা। এদিকে, আইনি ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন মনিরা মিঠু।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সোশ্যাল মিডিয়ায় দেওয়া একটি পোস্টে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মনিরা মিঠু। এ অভিনেত্রী বলেন, “সম্মানীত সহশিল্পীবৃন্দ, আত্মীয়-স্বজন, স্নেহভাজন গতকাল মধ্যরাত পর্যন্ত আমার সন্তানের খোঁজখবর নিচ্ছিলেন এবং যথেষ্ট উদগ্রীব ছিলেন। আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।”
ছেলের শারীরিক অবস্থা বর্ণনা করে মনিরা মিঠু বলেন, “আমার বড় সন্তান উপন্যাসের সারা শরীর ব্যথায় কাতর। তার ডান চোখে বেশি আঘাত করা হয়েছে। আমার সন্তানের হাঁটুর ওপর একজন দাঁড়িয়ে গলা টিপ দিয়ে ধরে রেখেছিলেন আর আরেকজন লাথি- ঘুষি মারছিলেন।”
মানসিকভাবে আহত মনিরা মিঠু বলেন, “আমার সন্তানকে রাস্তায় ফেলে গাড়ির মালিক ও তার চালক জানোয়ারের মতো যেইভাবে রক্তাক্ত করেছে, তার ভিডিও আপনারা ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়াতে দেখেছেন। এই মুহূর্তে আমার আর কিছু বলার ভাষা নাই।”