সারা বাংলা

ঈদের আগেই হতদরিদ্ররা পাবেন ফ্যামিলি কার্ড: দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী

দেশের প্রকৃত হতদরিদ্র পরিবারগুলোকে সরকারি সহায়তার আওতায় আনতে অগ্রাধিকার ভিত্তিতে ফ্যামিলি কার্ড চালুর ঘোষণা দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু।

তিনি বলেছেন, “পবিত্র ঈদুল ফিতরের আগেই এই কার্যক্রমের সুফল যেন সাধারণ মানুষ পায়, সেই লক্ষ্যে সরকার কাজ করছে।”

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) লালমনিরহাটে চার দিনের সফরে এসে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। এদিন বিকেল সাড়ে ৫টায় সার্কিট হাউসে পৌঁছালে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।

আসাদুল হাবিব দুলু বলেন, “প্রকৃত দরিদ্রদের চিহ্নিত করতে কাজ শুরু করেছি। পর্যায়ক্রমে প্রতিটি যোগ্য পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে, যাতে সরকারি সহায়তা সরাসরি তাদের হাতে পৌঁছায়।”

কৃষি খাতে আমূল পরিবর্তনের আভাস দিয়ে তিনি বলেন, “বর্তমানে শুকনো মৌসুমকে কাজে লাগিয়ে দেশব্যাপী খাল খননের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। ইতোমধ্যে খননের জন্য প্রয়োজনীয় খালগুলো চিহ্নিত করা হয়েছে।”

রমজানে জনভোগান্তি কমাতে সরকারের কঠোর অবস্থানের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, “বাজারে নিত্যপণ্যের দাম যেন না বাড়ে, সেজন্য কঠোর নজরদারি রাখা হচ্ছে। পাশাপাশি সেচ কাজ ও রোজাদারদের স্বস্তির কথা মাথায় রেখে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হচ্ছে। ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।”

মন্ত্রণালয়ের কাজে স্বচ্ছতা বজায় রাখার ওপর জোর দিয়ে তিনি বলেন, “ত্রাণ কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। ত্রাণ নিয়ে যারা দুর্নীতি করবে, তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে। এক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না।”

এ সময় দলীয় নেতাকর্মীদের উদ্দেশে আসাদুল হাবিব দুলু বলেন, “কোনো অন্যায়কারী দলে স্থান পাবে না।”

উত্তরবঙ্গের মানুষের দীর্ঘদিনের দাবি তিস্তা মহাপরিকল্পনা নিয়ে মন্ত্রী বলেন, “পানিসম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে এ বিষয়ে বিস্তারিত কথা হয়েছে। প্রকল্পটি বর্তমানে কোন পর্যায়ে আছে তা পর্যালোচনা করা হচ্ছে। আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব এর কাজ শুরু করতে।”