সারা বাংলা

বাগেরহাটে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে জনতার ঢল

বাগেরহাটে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হচ্ছে। 

একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে জনতার ঢল নামে।

রাত ১২টায় শহীদদের স্মরণে ‌১ মিনিট নিরবতা পালনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে প্রথম পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক গোলাম মো. বাতেন ও জেলা প্রশাসনের কর্মকর্তারা।

এরপর বাগেরহাট-২ (কচুয়া ও সদর) আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ পুষ্পস্তবক অর্পণ করেন। পরে জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার মোহাম্মাদ হাছান চৌধুরী শ্রদ্ধা নিবেদন করেন।

মুক্তিযোদ্ধা সংসদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি, বাগেরহাট জেলা বিএনপি ও অঙ্গসংগঠন, বাগেরহাট সড়ক বিভাগ, মৎস্য অধিদপ্তর, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, জেলা পরিষদ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, বাগেরহাট প্রেসক্লাব, জেলা আইনজীবী সমিতি, জেলা মহিলা দল, ছাত্রদলসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

জেলা প্রশাসন ও বিভিন্ন সংগঠনের উদ্যোগে দিনব্যাপী আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং ভাষা শহীদদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে।