ঢাকার ধামরাইয়ে পেট্রোল নিক্ষেপ করে এক সাংবাদিকের বাড়ির টিনের ঘরে অগ্নিসংযোগ করা হয়েছে। ভুক্তভোগী সাংবাদিক সুমন আহমেদ দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার স্থানীয় প্রতিনিধি।
শুক্রবার মধ্যরাতে উপজেলার বালিয়া ইউনিয়নের ভাবনহাটি এলাকায় হঠাৎ এমন ঘটনায় আতঙ্ক তৈরি হয়েছে।
সাংবাদিক সুমন জানান, রাতে পরিবারসহ ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। হঠাৎ পানি পড়ার মতো আওয়াজ পান। কিছুক্ষণ পরই কক্ষের টিনের চালায় আগুনের ফুলকি দেখতে পান। পরে বাইরে বেরিয়ে নিজরাই প্রায় ১৫-২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে টিনের চালার একটি অংশ ও বেড়ার একটি অংশ পুড়ে যায়। তবে বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
তিনি বলেন, “আগুনের ফুলকি দেখে বেরিয়ে দেখি আমার পাশের বাড়ির পরিত্যক্ত একটি ঘরের এক পাশের বেড়া ও আমার ঘরের এক পাশের বেড়ায় আগুন জ্বলছে। আশপাশের সবাই মিলে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। আমার ধারণা, কেউ শত্রুতা করে অগ্নিসংযোগ করতে পারে। আমি থানায় অভিযোগ করব। এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানাই।”
এ ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শনে যায় ধামরাই থানার কাওয়ালীপাড়া বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ। উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বলেন, “ঘটনাস্থলে এসে দেখি দুটি বাড়িতেই বেড়ায় পোড়ার চিহ্ন রয়েছে। তবে দ্রুত নির্বাপণ করায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় অভিযোগ-সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এই ঘটনায় নিন্দা জানিয়েছেন স্থানীয় সাংবাদিক নেতারা। ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান হোসেন ও সাধারণ সম্পাদক সবুজ আহমেদ সুমনের বাড়িতে অগ্নিসংযোগের বিচার দাবি করেছেন।