সারা বাংলা

সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর সদস্য আটক

সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর সদস্য বাদশা শেখকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে কয়েকটি আগ্নেয়াস্ত্র ও গুলি।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে কোস্ট গার্ড বেইস মোংলা এবং কোস্ট গার্ড আউটপোস্ট নলিয়ান যৌথভাবে সুন্দরবনের শিবসা নদী সংলগ্ন কুমড়োকাঠি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে চারটি একনলা বন্দুক, একটি ওয়ান শুটার গান, ১০ রাউন্ড তাজা গুলি, ১৭ রাউন্ড তাজা কার্তুজ ও ১০ রাউন্ড ফাঁকা কার্তুজ উদ্ধার করা হয়। একই সময় করিম শরীফ বাহিনীর সক্রিয় সদস্য বাদশা শেখকে আটক করা হয়।

আটক বাদশা শেখ (২৫) রামপাল উপজেলার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে করিম শরীফ বাহিনীর সঙ্গে জড়িত থেকে ডাকাতি কার্যক্রমে অংশ নেওয়া এবং অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহের মাধ্যমে সহযোগিতার কথা স্বীকার করেছেন বলে জানায় কোস্ট গার্ড। জব্দ আলামতসহ আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কোস্ট গার্ড জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সদস্যরা নির্বাচনি দায়িত্বে নিয়োজিত থাকার সুযোগে কিছু অসাধু চক্র পুনরায় সুন্দরবনে সক্রিয় হওয়ার চেষ্টা চালায়। তবে সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে ইতোমধ্যে বিশেষ সাঁড়াশি অভিযান শুরু হয়েছে। এ অভিযানে করিম শরীফ বাহিনীর পাঁচটি আস্তানা ধ্বংস করা হয়েছে।