বগুড়ায় চাঁদাবাজি মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বগুড়া জেলা যুগ্ম সদস্য সচিব মিজানুর রহমান সাগরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে, শুক্রবার রাত ১০টার দিকে শহরের জলেশ্বরীতলা কালী মন্দিরের সামনে থেকে তিনি গ্রেপ্তার হন।
বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম বলেন, “মিজানুর রহমান সাগর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিলেন। তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।”
মিজানুর রহমান সাগরের দলীয় পদের বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির বগুড়া জেলা সিনিয়র যুগ্ম সদস্য সচিব ইজাজ আল ওয়াসী জিম।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২৫ সালের আগস্টে রুবেল প্রামাণিক নামে এক ব্যবসায়ীর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন সাগরসহ ৪-৫ জন। রুবেল চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। একপর্যায়ে তার বিকাশ অ্যাকাউন্ট থেকে ২৮ হাজার ৩০০ টাকা এবং নগদ ২২ হাজার ৮০০ টাকা ছিনিয়ে নেওয়া হয়।
বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর বলেন, “রুবেল প্রামাণিক নামের এক ব্যবসায়ী সাগরের বিরুদ্ধে গত বছরের ৩০ আগস্ট সদর থানায় একটি মামলা করেছেন। মামলায় অর্থ আত্মসাৎ, ব্যবসায়িক বিরোধের জেরে হামলা ও চাঁদাবাজির অভিযোগ করা রয়েছে।”