জাতীয়

শহীদ দিবসে বায়তুল মোকাররমে দোয়া

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে ভাষা শহীদদের রূহের মাগফিরাত কামনায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে কোরআন খতম ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) হাফেজগণের মাধ্যমে কোরআন তিলাওয়াত শুরু হয়ে দুপুর ১২টায় শেষ হয়। পরে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান। 

মোনাজাতে বায়ান্নর ভাষা আন্দোলনে দেশের জন্য আত্মদানকারী শহীদদের রূহের মাগফিরাত কামনা করা হয় এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নতি কামনা করে দোয়া করা হয়।

ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সমন্বয় বিভাগের পরিচালক মো. মহিউদ্দিন, পরিকল্পনা বিভাগের পরিচালক মো. বজলুর রশীদ ও প্রকাশনা বিভাগের পরিচালক মো. রেজ্জাকুল হায়দারসহ ধর্মপ্রাণ মুসল্লিরা মোনাজাতে অংশ নেন। 

ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয়, জেলা ও উপজেলা কার্যালয়সমূহ, ইসলামিক মিশন কেন্দ্রসমূহ ও ইমাম প্রশিক্ষণ একাডেমির সেন্টারসমূহে অনুরূপ কোরআন খতম ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।