বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম বলেছেন, “বনের নিরাপত্তা ও উপকূলের স্থিতিশীলতা নিশ্চিতে সুন্দরবনে শিগগিরই জলদস্যু দমন অভিযান শুরু হবে।”
শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে বাগেরহাটে খান জাহান আলীর মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, “সুন্দরবন আমাদের জাতীয় সম্পদ। এই বনকে ঘিরে কোনো ধরনের জলদস্যুতা বা সন্ত্রাসী তৎপরতা বরদাশত করা হবে না। শিগগিরই সমন্বিত অভিযান শুরু হবে।”
তিনি আরো বলেন, “আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যাতে বনজ সম্পদ; জেলে ও স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করা যায়।”
এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন, পুলিশ সুপার মো. হাসান চৌধুরীসহ জেলা বিএনপির সমন্বয়ক এম এ সালাম, জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলমসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।