গাইবান্ধা পৌর শহীদ মিনারে ভাষাশহীদদের শ্রদ্ধা জানাতে আসা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ।
শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে গাইবান্ধা শহরের স্টেশন রোড এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।
আটক দুজন হলেন— গাইবান্ধা জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান এমারুল ইসলাম সাবিন ও সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন চাকলাদার।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের ২০ থেকে ৩০ জনের একটি দল শনিবার বিকেলে গাইবান্ধা পৌর শহীদ মিনারে ভাষাশহীদদের শ্রদ্ধা জানাতে আসে। পুষ্পস্তবক অর্পণ শেষে তারা হঠাৎ ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ঝটিকা মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ ধাওয়া দিয়ে দুজনকে আটক করে। দলের বাকি সদস্যরা পুলিশের ধাওয়া খেয়ে দ্রুত পালিয়ে যান।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেছেন, “জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় এবং নিষিদ্ধ কার্যক্রমের প্রেক্ষাপটে ওই দুজনকে আটক করা হয়েছে। অন্যদের শনাক্ত করার চেষ্টা চলছে।”