জাতীয়

মধ্যরাতে আদাবর থানা ঘেরাও 

চাঁদাবাজি ও গণছিনতাই রোধের দাবিতে মধ্যরাতে ঢাকার মোহাম্মদপুরের আদাবর থানা ঘেরাও করেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ।

শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে চাঁদাবাজি ও গণছিনতাইয়ের প্রতিকার চেয়ে থানা ঘেরাও করেন এবং সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। 

জানা গেছে, আদাবর এলাকায় একটি এমব্রয়ডারি কারখানার মালিক এবং শ্রমিকদের ওপর চাঁদাবাজরা হামলা চালিয়ে তাদের কুপিয়ে মারাত্মক আহত করে। এরপর রাত ১২টার পর থেকে বিক্ষুব্ধ ব্যবসায়ী ও এলাকাবাসী আদাবর থানার সামনে অবস্থান নেন এবং রাস্তা অবরোধ করেন। তারা ‘নিরাপত্তা চাই’ বলে স্লোগান দেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আশ্বাসের পর তারা শান্ত হন। 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার (এসি) মো. আবদুল্লাহ আল মামুন জানিয়েছেন, আহত কারখানা মালিকের পক্ষ থেকে মামলা করা হলে ব্যবস্থা গ্রহণ করা হবে এবং অপরাধীদের গ্রেপ্তার করা হবে।

এদিকে, ঘটনার পর জনতা অভিযুক্ত ছিনতাইকারী চক্রের প্রধান রাসেলের বাড়ি ঘেরাও করে তাকে না পেয়ে তার বাবাকে পুলিশের হাতে তুলে দেয়।