বিনোদন

প্রধানমন্ত্রী, মন্ত্রিসভা ও বিএনপি নিয়ে আসিফের কিছু কথা

কয়েক দিন আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মাধ্যমে সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সংগীতশিল্পী আসিফ আকবর রাজনৈতিকভাবে এই দলের সঙ্গে সম্পৃক্ত। বিএনপির একজন সমর্থক হিসেবে বর্তমান প্রধানমন্ত্রী, মন্ত্রিসভা ও নিজ দল নিয়ে খোলামেলা আলোচনা করেছেন এই শিল্পী।

রবিবার (২২ ফেব্রুয়ারি) আসিফ আকবর বিষয়টি নিয়ে তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে এ গায়ক বলেন, “অভিনন্দন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নতুন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। শাসক নয়, রাষ্ট্রের ব‍্যবস্থাপক হিসেবে আপনি ইনিংসের শুরুতেই মানুষের মন জয় করতে পেরেছেন। গোয়েবলসীয় কায়দায় নিকট অতীতে আপনাকে নীচু করার সমস্ত অপচেষ্টার জবাব মানুষ ধীরে ধীরে পেয়ে যাচ্ছে।”

মন্ত্রিসভার খানিকটা ব্যাখ্যা করে আসিফ আকবর বলেন, “কিছু প্রশ্নবোধক ডট ডট থাকলেও আপনার মন্ত্রিসভা ভালোই হয়েছে। এখনো অতিকথনের উপদ্রব খুউব একটা শুরু হয়নি। সব মিলিয়ে দেশের মানুষ আশান্বিত হতে চাচ্ছে, নিশ্চয়ই আপনি সুদক্ষ হাতে সেই আশার প্রতিফলন ঘটাবেন ইনশাআল্লাহ্। শত ষড়যন্ত্রের জাল ছিন্ন করে দীর্ঘদিন আপনি দলকে ঐক‍্যবদ্ধ রেখেছেন, এটা বিশাল সফলতা।”

সরকার পরিচালনার পাশাপাশি বিএনপির সাংগঠিক কার্যক্রম জোরদার করার পরামর্শ দিয়েছেন আসিফ আকবর। তার মতে, “রাষ্ট্রক্ষমতায় আসার পর এখন মূল চ্যালেঞ্জ দলকে সংগঠিত রাখা। সরকারে গেলে দলের সাংগঠনিক কর্মকাণ্ড আরো জোরদার করা জরুরি। যথাসম্ভব মন্ত্রিসভার সদস‍্য এবং এমপিদের বাদ দিয়ে বিএনপির সাংগঠনিক কার্যক্রম চালালে ভালো। মেধাবী শিক্ষিত ত‍্যাগী এবং তৃণমূল নেতা-কর্মীদের দলের নেতৃত্বে নিয়ে আসা প্রয়োজন। ক্ষমতায় থাকাকালে শক্তিশালী সাংগঠনিক কাঠামো তৈরি না করতে পারলে পরবর্তীতে সরকার দুর্বল হয়ে যায়।”

বিএনপির নেতৃত্বে তারুণ্যনির্ভর নতুন মুখ চান আসিফ আকবর। এ গায়ক বলেন, “দীর্ঘদিনের পুরোনো চেহারাগুলোর জায়গায় তারুণ‍্যনির্ভর নতুন চেহারা আসুক। দলের নেতা-কর্মীরাও দলের কার্যক্রমে সম্পৃক্ত হোক, উজ্জীবিত থাকুক।” 

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করে আসিফ আকবর বলেন, “আমার এই পোস্ট কোনো প্রকার উপদেশ বা তৈলমর্দনমূলক নয়। দলের সাধারণ সমর্থক হিসেবে আমি এখন তৃতীয় চোখ। অভ‍্যাস অনুযায়ী লিখতে থাকব, বলতে থাকব। আপনার সুস্বাস্থ‍্য ও দীর্ঘায়ু কামনা করি। ভালোবাসা অবিরাম...।” 

আসিফ আকবরের ভাবনার সঙ্গে অনেকে সহমত পোষণ করেছেন। আবার কেউ কেউ তার সমালোচনাও করেছেন। রায়হান লেখেন, “দীর্ঘদিনের পরোনো চেহারাগুলোর জায়গায় তারুণ্যনির্ভর নতুন চেহারা আসুক, এই লাইনটা বিএনপির জন্য বর্তমানে খুব গুরুত্বপূর্ণ।”

মিহির লেখেন, “অভ্যাসটা ধরে রাখেন, যেমন আমরা আপনাকে আগের মতোই ধরে রেখেছি, ভালোবেসেছি। সমালোচনা করবেন, সত্যি তুলে ধরবেন, তৈলমর্দনের সংস্কৃতি থেকে বেরিয়ে আসবেন, যদিও এই অভ্যাস আপনার নাই।” এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে কমেন্ট বক্সে।