সারা বাংলা

নড়াইলে নারীর নামে ভুয়া ফেসবুক আইডি খুলে প্রতারণা, গ্রেপ্তার ১

নড়াইলের কালিয়ায় এক নারীর ছবি ও ব্যক্তিগত তথ্য ব্যবহার করে ভুয়া ফেসবুক আইডি খুলে প্রতারণার অভিযোগে ওমর ফারুক (৩০) নামে এক যুবককে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে গৃহবধূর পরিবারের দায়ের করা মামলায় অভিযুক্তকে কালিয়া থানা পুলিশ আটক করে। ওমর ফারুক বড় কালিয়া গ্রামের মৃত শাহাজান শেখের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, ওমর ফারুক দীর্ঘদিন ধরে ওই নারীর পরিচয় ব্যবহার করে একটি ভুয়া ফেসবুক আইডি পরিচালনা করে আসছিলেন। এই আইডি ব্যবহার করে তিনি বিভিন্ন মানুষকে চাকরির প্রলোভন এবং ব্যক্তিগত সমস্যার কথা বলে টাকা হাতিয়ে নিতেন।

প্রতারণার একপর্যায়ে ওমর ফারুক ওই নারীর ভাইয়ের কাছেই ১০ হাজার টাকা সাহায্য চান। টাকা নেওয়ার জন্য তিনি স্থানীয় একটি মোবাইল ব্যাংকিং এজেন্টের দোকানের নম্বর ব্যবহার করেন। দোকানের সিসিটিভি ফুটেজ দেখা যায়, গত ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টা ২৬ মিনিটে নারীর ভাইয়ের পাঠানো টাকা উত্তোলন করেন। 

রবিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ইদ্রিস আলী বলেন, ভুক্তভোগী নারীর অভিযোগে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্ত ওমর ফারুককে শনাক্ত করে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অভিযুক্তের মোবাইল ফোনে তার প্রতারণার আলামত পাওয়া যায়। এ ঘটনায় ভুক্তভোগী নারীর স্বামী বাদী হয়ে মামলা করেন। আজ দুপুরে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।