জাতীয়

যাত্রাবাড়ীতে লেগুনায় বাসের ধাক্কা, নিহত ২

ঢাকার যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় লেগুনার দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন। 

শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে ঘুন্টি ঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, আজিজুল ইসলাম (৫৮)ও সাইফুল ইসলাম (৫৫)। 

প্রত্যক্ষদর্শী মোহাম্মদ খোকন মিয়া জানান, বেপরোয়া বাহাদুর শাহ পরিবহনের একটি যাত্রীবাহী বাস লেগুনায় যাত্রী নামানোর সময় ধাক্কা দিলে লেগুনাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে লেগুনার চালকসহ তিনজন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) সালাউদ্দিন আহমেদ বলেন, দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। 

জানা গেছে, আজিজুল ইসলাম একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন এবং গেন্ডারিয়া সতীশ সরকার রোডে স্ত্রী ও সন্তানদের সঙ্গে ভাড়া বাসায় বসবাস করতেন। তার বাবার নাম সালাম মৃধা।

নিহত সাইফুল ইসলাম একটি মোটর পার্সের দোকানের কর্মচারী ছিলেন এবং পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। তার বাবার নাম লোকমান খন্দকার।