মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বীরতারা ইউনিয়নে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি কার্যালয় চালু করা হয়েছে দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়েছেন দলটির নেতাকর্মীরা।
শনিবার (২১ ফেব্রুয়ারি) ছড়িয়ে পড়া ৩৮ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, একটি অফিসের ভেতর শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি টাঙিয়ে কয়েকজন কিশোর-তরুণকে নিয়ে স্লোগান দিচ্ছেন এক ব্যক্তি। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শ্রীনগর থানা পুলিশ জানিয়েছে, স্লোগানদানকারী ওই ব্যক্তির নাম সাব্বির। তিনি বীরতারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ভিডিওটি ইউনিয়নের একটি শাটার লাগানো দোকানঘরের ভেতরে ধারণ করা হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।
শ্রীনগর থানার ওসি মোহাম্মদ জুয়েল মিয়া বলেন, “ঘটনাটি কবে ঘটেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে। ভিডিওতে দেখা স্থানটি একটি শাটারযুক্ত দোকানঘর। অভিযুক্ত সাব্বির দীর্ঘদিন ধরে পলাতক রয়েছেন।”