সারা বাংলা

পাবনায় আ.লীগের কার্যালয়ে আগুন, প্রতিবাদে বিক্ষোভ

পাবনা জেলা আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ে গত সপ্তাহে মুক্তিযোদ্ধার সন্তান পরিবার, জেলা ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা দলীয় পতাকা, জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশনের পাশাপাশি জয় বাংলা স্লোগান দিয়ে বিক্ষোভ করেছে। এ সব ঘটনায় বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

অন্তর্বর্তী সরকার আইন করে আওয়ামী লীগ, এর সহযোগী সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করে। আর ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, গত ১৬ ফেব্রুয়ারি ভোররাতে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান দাবি করে চারজন নারী ও দুইজন শিশু পরিত্যক্ত জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এসে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন করেন।

এরপর ২০ ফেব্রুয়ারি সকালে জেলা ছাত্র লীগের সভাপতি মিজানুর রহমান সবুজের অনুসারীরা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং জয়বাংলাসহ বিভিন্ন স্লোগান দেয়। 

একইদিন বিকেলে কারামু্ক্ত জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট তৌফিক ইমামের নেতৃত্বে একদল নেতাকর্মী পরিত্যক্ত দলীয় কার্যালয়ে এসে দলীয় পতাকা উড়িয়ে নানা স্লোগান দেয়। 

২১ ফেব্রুয়ারি দিনদুপুরে দুর্বৃত্তরা আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ে আগুন দেয়।

এ ঘটনার প্রতিবাদ জানিয়ে পাবনা জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা আলামিন মালিথা  ও পাবনা জেলা ছাত্রলীগের নেতা সিফাতের নেতৃত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভেঙে ফেলা প্রতিকৃতি পুনঃস্থাপনের পর সেখানে পুষ্পস্তবক অর্পণ করে। 

এরপর আগুন দেওয়ার প্রতিবাদে জয় বাংলা স্লোগানে ঝটিকা বিক্ষোভ মিছিল বের করেন। বিক্ষোভ মিছিলিটি আব্দুল হামিদ সড়কে বের হয়ে নিউ মার্কেট হয়ে চলে যায়। 

এ ব্যাপারে পাবনা সদর থানার পরিদর্শক (অপারেশন) সঞ্জয় কুমার সাহা বলেন, ‘‘শনিবার দুপুরে আওয়ামী লীগ কার্যালয়ের বারান্দায় কারা যেন দুটি টায়ারে আগুন জ্বালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে কিছু লোক এসেছিল বলে শুনেছি। তবে তারা মিছিল বা অন্যান্য কার্যক্রম করেছে, এমন কিছু আমাদের জানা নেই।’’