খেলাধুলা

১৫ রানে ৫ উইকেট হারিয়ে শিরোপা হাতছাড়া করল বাংলাদেশ

এমার্জিং নারী এশিয়া কাপের ফাইনালে ভারতের ছুড়ে দেওয়া টার্গেটটা অবশ্য খুব বড় ছিল না। ২০ ওভারে ১৩৫ রান তুলতে পারলেই বাংলাদেশ চ্যাম্পিয়ন। কিন্তু ইতিহাস বদলাতে পারল না বাংলাদেশের কিশোরীরা। ১৩৪ রান তাড়া করতে নেমে ১৯.১ ওভারে মাত্র ৮৮ রানে অলআউট হয়েছে। আর ৪৬ রানের জয়ে আবারও বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারতের মেয়েরা।

রান তাড়া করতে নেমে ৪ উইকেটে ৬৩ রান তুলে ফেলেছিল বাংলাদেশ। ছিল জয়ের পথেই। কিন্তু এরপর ২৫ রানের মধ্যে বাকি ছয়টি উইকেট হারায় তারা। আর শেষ পাঁচটি উইকেট হারায় মাত্র ১৫ রানে। ৫ উইকেটে ৭৩ রান থেকে ৮৮ রানে অলআউট!

ব্যাট হাতে বাংলাদেশের শামীমা সুলতানা ১৫ বলে ৩ চারে ২০ রান করেন সর্বোচ্চ। শারমিন সুলতানা ১৮, ফাহিমা খাতুন ১৪ ও সাদিয়া আক্তার করেন ১০ রান। বাকিদের কেউ ছুঁতে পারেননি দুই অঙ্কের কোটা।

বল হাতে ভারতের প্রেমা রাওয়াত ৪ ওভারে মাত্র ১২ রানে ৩টি উইকেট নেন। তানুজা কানওয়ার ৩.১ ওভারে ১১ রানে নেন ২টি উইকেট। সোনিয়া মেন্ধিয়া ৪ ওভারে ২১ রানে নেন ২টি উইকেট।