খেলাধুলা

যৌন হয়রানির অভিযোগ: বাংলাদেশ ক্রিকেটে মঞ্জুরুল নিষিদ্ধ

বাংলাদেশের নারী ক্রিকেটার জাহানারা আলমের যৌন হয়রানির চার অভিযোগের ‘দুটি প্রমাণিত’ হয়েছে সাবেক নির্বাচক ও টিম ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে। এই প্রেক্ষিতে, সাবেক জাতীয় দলের ক্রিকেটার মঞ্জুরুল ইসলামকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অধীনস্থ সব ধরনের সরাসরি ও পরোক্ষ চাকরি এবং ক্রিকেট-সম্পর্কিত কার্যক্রম থেকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ রবিবার দুপুরে বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, তদন্ত কমিটির সুপারিশগুলো তারা পর্যালোচনা করছে এবং প্রতিবেদন অনুযায়ী প্রয়োজন মনে করলে আরও অতিরিক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এক সাক্ষাৎকারে জাতীয় নারী দলের পেসার জাহানারা বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক ও টিম ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে যৌন নির্যাতনের গুরুতর অভিযোগ তোলেন। পিরিয়ডের কথা জানতে চেয়ে বাজে প্রস্তাব দেওয়া, হ্যান্ডশেকের বদলে জড়িয়ে ধরার অভিযোগও এনেছিলেন তিনি।

জাহানারা দাবি করেছেন, অসংখ্যবার বিসিবিকে এসব যৌন নির্যাতনের কথা অভিযোগ আকারে জানিয়েছিলেন তিনি। কোনো প্রতিকার পাননি। তার অভিযোগের পর রুমানা আহমেদ, সাবেক জাতীয় ক্রিকেটার ও কোচ রেশমা আক্তার আদুরি নিজেদের তিক্ত অভিজ্ঞতা গণমাধ্যমে জানান।

অভিযোগের প্রেক্ষিতে বিসিবি গত ৮ নভেম্বর পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছিল। গত ২ ফেব্রুয়ারি তদন্ত কমিটি প্রতিবেদন জমা দেয়। কমিটি জাহানারার চারটি অভিযোগ পর্যালোচনা করে, দুইটিতে কোনো প্রমাণ পাননি। বাকি দুটিতে প্রাথমিক প্রমাণ পেয়েছে।

মঞ্জুর আচরণ পেশাদার মানদণ্ডের সঙ্গে সঙ্গতিপূর্ণ ছিল না, যা হয়রানি হিসেবে ধরার সুপারিশ করে রিপোর্ট দিয়েছে কমিটি। সেই হয়রানির অভিযোগেই বাংলাদেশ ক্রিকেটে নিষিদ্ধ হলেন জাতীয় দলের সাবেক এই পেসার।