নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়ন থেকে রিকশাচালক আবদুল আহাদের (২০) লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের মুখ কস্টেপ দিয়ে প্যাচানো ছিল। তার ব্যবহৃত অটোরিকশা পাওয়া যায়নি।
রবিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে কুতুবপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড মুন্সী বাড়ি ব্রিজ সংলগ্ন ধানক্ষেত থেকে লাশ উদ্ধার করে পুলিশ। নিহত আহাদ কুতুবপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দা।
বেগমগঞ্জ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাবীবুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে শ্বাসরোধ করে হত্যা করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কুতুবপুর ৩নং ওয়ার্ডের জিলানীর গ্যারেজের ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করত আহাদ। শনিবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে অটোরিকশার মালিক ফোনে আহাদের নানার বাড়িতে জানান, আহাদ রিকশা নিয়ে গ্যারেজে ফেরেনি। এরপর থেকে আহাদ নিখোঁজ ছিল। রবিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে জমির মালিক ধানক্ষেতে পানি দিতে গিয়ে লাশ পড়ে থাকতে দেখে। স্থানীয়রা জানালে পুলিশ লাশ উদ্ধার করে।
ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন পুলিশ পরিদর্শক হাবীবুর রহমান।