ফেনীর দাগনভূঞা থানার পুকুর থেকে পুলিশের লুট হওয়া ১২ বোর শটগানের ২১৯টি কার্তুজ উদ্ধার হয়েছে।
রবিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জেলা পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের দিনে দাগনভূঞা থানা থেকে কিছু অস্ত্র ও গুলি লুট হয়। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২১ ফেব্রুয়ারি) থানা ভবন সংলগ্ন পুকুরে সেচ দেওয়া হয়। এরই একপর্যায়ে পুকুরের উত্তর পাড়ের কাঁদা মাটির ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় ১২ বোর শটগানের ২১৯ রাউন্ড লিডবল কার্তুজ উদ্ধার হয়।
সিনিয়র সহকারী পুলিশ সুপার (সোনাগাজী–দাগনভূঞা সার্কেল) সৈয়দ মুমিদ রায়হান বলেন, “উদ্ধার করা কার্তুজের মধ্যে বাংলাদেশ পুলিশ লেখা আছে। থানা থেকে লুট হওয়া অবশিষ্ট অস্ত্র ও গুলি উদ্ধারে অভিযান অব্যাহত আছে।”