অর্থনীতি

ঢাকার দুটিসহ ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ

ঢাকা উত্তর ও দক্ষিণসহ দেশের ছয়টি সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার।

রবিবার (২২ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। 

প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আব্দুস সালাম। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক করা হয়েছে মো. শফিকুল ইসলাম খানকে। খুলনা সিটি করপোরেশনের প্রশাসক হয়েছেন নজরুল ইসলাম মঞ্জু। 

সিলেট সিটি করপোরেশনে আব্দুল কাইয়ুম চৌধুরী এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে মো. সাখাওয়াত হোসেন খানকে সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক হয়েছেন মো. শওকত হোসেন সরকার।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’এর ধারা ২৫ক-এর উপধারা (১) অনুযায়ীকরপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত বা নির্বাচিত পরিষদ দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত এসব প্রশাসক পূর্ণকালীন দায়িত্ব পালন করবেন।

এছাড়া, ধারা ২৫ক এর উপধারা (৩) অনুযায়ী, নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা সংশ্লিষ্ট সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। বিধি অনুযায়ী তারা ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধাও পাবেন।