সারা বাংলা

বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করলে ধরে পুলিশে দেবেন: আমানউল্লাহ আমান

ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমানউল্লাহ আমান বলেছেন, “বিএনপির নাম ভাঙিয়ে কেউ সন্ত্রাস বা চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে। এমন কাউকে প্রশ্রয় না দিয়ে ধরে সরাসরি পুলিশে দেবেন।”

সোমবার (২৩ ফেব্রুয়ারি) ঢাকার কেরাণীগঞ্জ উপজেলা হলরুমে উপজেলা কর্মকর্তা এবং মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমানউল্লাহ আমান বলেন, “গত ১২ ফেব্রুয়ারি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে।”

এ সময় কেরাণীগঞ্জকে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও ভূমিদস্যুমুক্ত গড়ে তোলাই তার লক্ষ্য বলে জানান।

কেরাণীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উমর ফারুকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি। আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মহুয়া শারমিন মুনমুন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কারিশমা আহমেদ জাকসি প্রমুখ।