আইন ও অপরাধ

চাঁদা না দেওয়ায় বিএনপি নেতাকে গুলি করার অভিযোগ

রাজধানীর কলাবাগান থানাধীন পান্থপথ এলাকায় বিএনপি নেতা ও ব্যবসায়ী শফিকুর রহমান (৫৫) দুর্বৃত্তের গুলিতে আহত হয়েছেন। চাঁদা না দেওয়ায় গুলি করা হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।

রবিবার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে কলাবাগান থানাধীন বসুন্ধরা শপিং কমপ্লেক্সের বিপরীত পাশে একটি জুতার মার্কেটের সামনে শফিকুর রহমানকে গুলি করা হয়। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল পর্যন্ত পুলিশ এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি। বিষয়টি নিশ্চিত হতে তদন্ত করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

কলাবাগান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফজলে আশিক রাইজিংবিডি ডটকমকে বলেছেন, “চাঁদার বিষয়টি ভুক্তভোগী বলছেন। তবে, শুধু চাঁদা নয়, ঘটনার পারিপার্শ্বিক অন্য সব বিষয় নিয়ে আমরা তদন্ত করছি। এখন পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা দায়ের করা হয়নি।”

ভুক্তভোগী ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, কয়েকদিন ধরে কিছু ব্যক্তি শফিকুর রহমানের কাছে চাঁদা দাবি করছিলেন। রবিবার রাতে তারা আবারও চাঁদা চান এবং ফোন না ধরার কারণ জানতে চান। কথাকাটাকাটির একপর্যায়ে শফিকুর রহমানকে লক্ষ্য করে গুলি করা হয়। গুলিটি তার বাম হাতের তালু ভেদ করে বের হয়ে যায়। শফিকুর রহমান পান্থপথ এলাকায় জুতার ব্যবসা করেন। নিজের দোকানের পাশাপাশি তিনি ফুটপাতে জুতা সরবরাহ করতেন।

শফিকুর রহমান কলাবাগান থানার ১৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক। গুলিবিদ্ধ হলে তাকে উদ্ধার করে প্রথমে কমফোর্ট হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেন স্থানীয়রা। তিনি বর্তমানে আশঙ্কামুক্ত।