সারা বাংলা

গোপালগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত ১

গোপালগঞ্জের মুকসুদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৪ জন আহত হয়েছেন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কমলাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নিলু মুন্সী (৫০) ওই গ্রামের কমলাপুর গ্রামের আনোয়ার মুন্সীর ছেলে।

মুকসুদপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, “আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কমলাপুর গ্রামের আনোয়ার মুন্সী ও নূর ইসলাম পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জেরে সোমবার দুই পক্ষ দেশীয় অস্ত্রে-শস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। ঘন্টাব্যাপী ধরে চলা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন।”

“আহতদের প্রথমে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে নিলু মুন্সীসহ চার জনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। ওই হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে নিলু মুন্সীকে মৃত ঘোষণা করেন।”- যোগ করেন তিনি।