সারা বাংলা

প্রকল্পের সিঙ্গেল পয়সাও আমার পকেটে ঢুকবে না: এমপি আলী আছগার

সরকারি কোনো প্রকল্প থেকে কোনো অর্থ নেবেন না বলে জানিয়েছেন পাবনা‌-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক আলী আছগার। তিনি বলেছেন, ‘‘কোনো প্রকল্প থেকে সিঙ্গেল পয়সাও আমার পকেটে ঢুকবে না।’’ 

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে পাবনার চাটমোহর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আলী আছগার সংসদ সদস্য নির্বাচিত হন।

আলী আছগার বলেন, ‘‘এক সময় দল পালার জন্য সরকারের টিআর-কাবিখা প্রকল্প দেওয়া হতো। ওই টাকা দিয়ে দল পরিচালনা করা হতো। এখন থেকে টিআর-কাবিখা প্রকল্পের টাকায় মসজিদ, মন্দির, গির্জার উন্নয়ন করা হবে।’’

তিনি আরো বলেন, ‘‘আমার কাজে বৈষম্য থাকবে না। সরকারের ভালো কাজে আমরা সহযোগিতা করব। মন্দ কাজের সমালোচনা করব। সরকারের সকল সিদ্ধান্ত ভালো হলেও বাস্তবায়নে নানা ত্রুটি থাকে। চাটমোহর বড় উপজেলা হিসেবে বরাদ্দ বেশি থাকবে।’’ 

মাদক ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স থাকবেন বলে জানিয়েছেন আলী আছগার। তিনি বলেন, ‘‘মাদকের ব্যাপারে জিরো টলারেন্স থাকবে। ভূমি অফিসের দুর্নীতির ব্যাপারে ছাড় দেওয়া হবে না। মহান আল্লাহ তাআলা আমাকে যে এত বড় দায়িত্ব দিয়েছেন, সেই আমানত আমি যেন রক্ষা করতে পারি। সে জন্য সকলের দোয়া এবং সহযোগিতা চাই।’’

চাটমোহর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ওমর ফারুক বুলবুল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারওয়ার হোসেন, পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আরশেদ, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহিম কালু, জামায়াতে ইসলামী চাটমোহর উপজেলা শাখার সভাপতি মো. আব্দুল হামিদ, সহকারী মুক্তিযোদ্ধা কমান্ডার মিস্টার ইগনাসিউস গমেজ প্রমুখ। 

সভায় বক্তারা চাটমোহরে নির্বাচন পরবর্তী সহিংসতা, হাসপাতালে চিকিৎসা ব্যবস্থার উন্নতি, চিকিৎসক নিয়োগ, রমজানে বাজার মনিটরিং, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতামত ব্যক্ত করেন।