সারা বাংলা

রমজানে অতিরিক্ত মুনাফার চেষ্টা অনৈতিক: আমির হামজা

পবিত্র রমজান উপলক্ষে কুষ্টিয়া শহরের বিভিন্ন মার্কেট ও ব্যবসা প্রতিষ্ঠানে বাজার তদারকি করেছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজা। নির্বাচনি প্রতিশ্রুতির অংশ হিসেবে নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখা এবং ভোক্তাদের হয়রানি বন্ধে তিনি সরেজমিনে বাজার পরিদর্শন করেছেন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল থেকে কুষ্টিয়া পৌর বাজার, বড় বাজার, চৌড়হাস, মজমপুরসহ আশপাশের বিভিন্ন বিপণিবিতান ও পাইকারি আড়তে যান আমির হামজা এমপি। এ সময় তার সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

বাজারে ঘুরে ঘুরে চাল, ডাল, তেল, চিনি, খেজুর, ছোলা, মাংস ও সবজির দাম যাচাই করেন এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এই সংসদ সদস্য।

পরিদর্শনকালে তিনি ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, “রমজান সংযম ও আত্মশুদ্ধির মাস। এ মাসে কৃত্রিম সংকট সৃষ্টি বা অতিরিক্ত মুনাফা অর্জনের চেষ্টা অনৈতিক ও অগ্রহণযোগ্য। কেউ যদি ভোক্তাদের ঠকানোর চেষ্টা করেন, তবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট প্রশাসনকে জানানো হবে।” 

ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রির আহ্বান জানিয়ে মুফতি আমির হামজা বলেন, “চলমান রমজানে সাধারণ মানুষ যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে লক্ষ্যেই সকাল থেকে মধ্যরাত পর্যন্ত বাজার তদারকি ও সামাজিক নানা কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছি। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে। আমাদের এ উদ্যোগ অব্যাহত থাকবে।” 

তিনি বলেন, “নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সরাসরি মাঠে থাকার চেষ্টা করছি।”

বাজারে ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সম্প্রতি কিছু পণ্যের দাম বাড়ার আশঙ্কা তৈরি হয়েছিল। তবে, সংসদ সদস্যের এই তদারকির কারণে ব্যবসায়ীরা সতর্ক হয়েছেন। 

পৌর বাজারে আসা কয়েকজন ক্রেতা বলেন, “বাজারে নিয়মিত নজরদারি থাকলে অযৌক্তিক মূল্যবৃদ্ধি কমবে।” 

তারা মনে করেন, শুধু তাৎক্ষণিক অভিযান নয়, দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করা গেলে সাধারণ মানুষ আরো বেশি উপকৃত হবেন।

অন্যদিকে, কয়েকজন ব্যবসায়ী জানান, পাইকারি বাজারে দাম বাড়লে খুচরা বাজারেও প্রভাব পড়ে। তাই, উৎপাদন ও সরবরাহ পর্যায়ে নজরদারি বাড়ানোর ওপর জোর দেন তারা। 

সংসদ সদস্য এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করার আশ্বাস দিয়েছেন বলে জানা গেছে।

স্থানীয়রা জানিয়েছেনে, রমজানকে ঘিরে প্রতিবছরই নিত্যপণ্যের বাজারে অস্থিরতা দেখা দেয়। এ অবস্থায় জনপ্রতিনিধির সরাসরি বাজার তদারকি সাধারণ মানুষের মধ্যে আস্থা সৃষ্টি করেছে। এ উদ্যোগকে কার্যকর ও টেকসই করতে প্রশাসনিক তৎপরতা, নিয়মিত মনিটরিং এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের কঠোর প্রয়োগ জরুরি।

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে কুষ্টিয়ায় সংসদ সদস্যের মাঠপর্যায়ের তৎপরতা সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।