জাতীয়

ডিসি-এসপিদের সর্বোচ্চ তৎপরতার নির্দেশ পার্বত্য মন্ত্রীর

পবিত্র রমজান মাসে পার্বত্য চট্টগ্রামে শান্তি, শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে সর্বোচ্চ তৎপর থাকার নির্দেশ দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান।

আজ সোমবার সচিবালয়ে নিজ দপ্তর থেকে টেলিফোনে রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলার জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে কথা বলেন তিনি। 

এ সময় পার্বত্য অঞ্চলের সার্বিক পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি রোজার মাসে বাজার দর নিয়ন্ত্রণ, নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা এবং বিদ্যুৎ ও জ্বালানির সঠিক ব্যবহারের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন মন্ত্রী।

আইনশৃঙ্খলা রক্ষায় কোনো ধরনের শৈথিল্য বরদাশত করা হবে না জানিয়ে মন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের সুস্পষ্ট নির্দেশনা দেন।

ফোনালাপে দীপেন দেওয়ান বলেন, পার্বত্য অঞ্চলের দীর্ঘস্থায়ী শান্তি ও সম্প্রীতি রক্ষা প্রশাসনের নৈতিক দায়িত্ব। তিনি ভূমি সংক্রান্ত সংবেদনশীল বিষয়গুলো আইন ও বিধি অনুযায়ী অত্যন্ত সতর্কতা ও প্রজ্ঞার সঙ্গে নিষ্পত্তির নির্দেশ দেন। একই সঙ্গে যানজট নিরসন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা ও পুলিশ প্রশাসনকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।

দুর্নীতির বিষয়ে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে মন্ত্রী বলেন, তদন্তে প্রমাণিত দুর্নীতিবাজ ও ভূমি দস্যুদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে হবে। প্রয়োজনে বিশেষ কমিটি গঠন করে এসব অপরাধী চিহ্নিত করার নির্দেশও দেন তিনি।

এ ছাড়া বান্দরবানের লামা থেকে শুরু হতে যাওয়া সরকারের ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেন মন্ত্রী।

স্বাস্থ্যকেন্দ্রগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা, দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পার্বত্য চট্টগ্রামে ব্যাপক চারা রোপণ এবং তিন জেলায় পরিবেশবান্ধব ইকোট্যুরিজম গড়ে তোলার ওপরও তিনি গুরুত্ব দেন।

সরকারের ১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়নে শিক্ষা, স্বাস্থ্য, পানি ও যুব উন্নয়ন খাতকে অগ্রাধিকার দিয়ে নিবিড় তদারকির জন্য জেলা প্রশাসকদের বিশেষ নির্দেশনা দেন তিনি।