খেলাধুলা

৮ ম‌্যাচ খেলতে নভেম্বরে বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফর

টেস্ট চ‌্যাম্পিয়নশিপের ২ ম‌্যাচ। ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ৩ ওয়ানডে। সঙ্গে ৩ ম‌্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ৮ ম‌্যাচের লম্বা সফর করতে আগামী নভেম্বরে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল যাবে দক্ষিণ আফ্রিকা।

তৃতীয়বারের মতো পূর্ণাঙ্গ সফরে বাংলাদেশ যাচ্ছে দক্ষিণ আফ্রিকায়। এর আগে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকায় পূর্ণাঙ্গ সফর করেছিল ২০১৭ সালে। সবশেষ বাংলাদেশ আফ্রিকার দেশটিতে গিয়েছিল ২০২২ সালে। সেবার টেস্ট ও ওয়ানডে সিরিজ খেলেছিল। এবারের সফরে টেস্ট ও  ওয়ানডের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজও খেলবে।

সোমবার ক্রিকেট দক্ষিণ আফ্রিকা তাদের গ্রীষ্মের হোম সূচি চূড়ান্ত করেছে। বাংলাদেশের পাশাপাশি তারা অস্ট্রেলিয়া ও ইংল‌্যান্ডকে আতিথেয়তা দেবে। টেস্ট সিরিজ দিয়ে শুরু হবে সফর।

প্রথম টেস্ট ১৫ থেকে ১৯ নভেম্বর। ওয়ান্ডার্স স্টেডিয়ামে। দ্বিতীয় টেস্ট ২৩ থেকে ২৭ নভেম্বর সেঞ্চুরিয়ানের সুপার স্পোর্ট পার্কে। চারদিন পর শুরু হবে ওয়ানডে সিরিজ। পহেলা ডিসেম্বর বাফেলো পার্কে প্রথম ওয়ানডে। দ্বিতীয় ওয়ানডে ৪ ডিসেম্বর। ম‌্যাচটি হবে গেকবেরার সেন্ট জর্জ পার্কে। তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে ৭ ডিসেম্বর কেপটাউনে। ১০, ১২ ও ১৩ ডিসেম্বর হবে তিনটি টি-টোয়েন্টি ম‌্যাচ। ম‌্যাচগুলো হবে যথাক্রমে কিম্বারলি ওভার, উইলোমোর পার্ক এবং সেঞ্চুরিয়ানের সুপার স্পোর্ট পার্কে। 

বাংলাদেশকে আতিথেয়তা দেওয়ার আগে দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়াকে আমন্ত্রণ জানাবে। তিনটি করে ওয়ানডে ও টেস্ট সিরিজ খেলতে দুই দল। বাংলাদেশের পর দক্ষিণ আফ্রিকায় যাবে ইংল‌্যান্ড। ইংল‌্যান্ডও তিনটি টেস্ট ও ওয়ানডে ম‌্যাচ খেলবে।