জাতীয়

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত ছয় সিটি প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের সঙ্গে  সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকার দুই সিটি করপোরেশনসহ ছয় সিটির নবনিযুক্ত প্রশাসকরা।  

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর সঙ্গে তারা সৌজন্য সাক্ষাৎ করেন। 

মন্ত্রী তাঁর দপ্তরে নবনিযুক্ত ছয় সিটির প্রশাসককে স্বাগত জানান। সাক্ষাৎকালে ছয় সিটির প্রশাসকবৃন্দ তাঁদের কর্মকালে মন্ত্রীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেন ও ছয় সিটির উন্নয়নে সর্বোচ্চ সেবার মানসিকতা নিয়ে কাজ করার অঙ্গীকার করেন।

এর আগে গত ২২ ফেব্রুয়ারি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-১ শাখা থেকে ছয় প্রশাসক নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মো. আব্দুস সালামকে, ঢাকা উত্তর সিটি করপোরেশনে মো. শফিকুল ইসলাম খানকে, খুলনা সিটি করপোরেশনে নজরুল ইসলাম মঞ্জুকে,  সিলেট সিটি করপোরেশনে আব্দুল কাইয়ুম চৌধুরীকে, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে মো. সাখাওয়াত হোসেন খান ও গাজীপুর সিটি করপোরেশনে মো. শওকত হোসেন সরকারকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।