খাদ্যের সরবরাহ ও মান—দুটোই নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ ও কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ।
তিনি বলেন, “সমালোচনা করা পৃথিবীতে সবচেয়ে সহজ কাজ। আমরা চাই, সমালোচনা পেছনে রেখে আগামী প্রজন্মের জন্য সুন্দর দৃষ্টান্ত স্থাপন করতে এবং একটি উন্নত বাংলাদেশ রেখে যেতে।”
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) খাদ্য ভবনে অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, “সরকার একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দায়িত্ব গ্রহণ করেছে। দেশের জনগণের প্রত্যাশা আমাদের কাছে অনেক বেশি। আমরা চাই, মানুষ যেন খাদ্য নিয়ে চিন্তিত না থাকে, খাদ্যের সরবরাহ নিশ্চিত করতে হবে, মানও নিশ্চিত করতে হবে। আমাদের নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে শক্তিশালী করে বিশ্বের সঙ্গে মানসম্মত সার্টিফিকেট সংযোগ স্থাপন করতে হবে।”
মন্ত্রী আশা প্রকাশ করে বলেন, “গতানুগতিক ধারার কাজের পরিবর্তে ভিন্নতা ও উদ্ভাবনী উদ্যোগ নিয়ে কাজ শুরু করা হবে। এখানে সময় ও শ্রম দিচ্ছি, তাই এটাকে অর্থবহ করতে চাই। সমস্যা থাকবে, সমাধানও আছে। আপনারা শুধু সমস্যার কথা বলবেন না, সম্ভাব্য সমাধানও আনার চেষ্টা করবেন। আমরা সবাই মিলে সুন্দর টিমওয়ার্কের মাধ্যমে কাজ করব।”
সভায় উপস্থিত ছিলেন খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ ও কৃষি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, খাদ্য সচিব মো. ফিরোজ সরকার, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম কামরুজ্জামান, ও মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা।
মন্ত্রী ও প্রতিমন্ত্রী দুজনেই ভেজালমুক্ত ও নিরাপদ খাদ্য নিশ্চিতকরণের প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং খাদ্য অধিদপ্তরের কর্মকর্তাদের সহযোগিতা চান।