সারা বাংলা

ধামরাইয়ে ট্রাকচাপায় স্কুল শিক্ষার্থী নিহত

ঢাকার ধামরাইয়ে ইটবোঝাই ট্রাকের চাপায় মাহিম (১২) নামের এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। 

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে ধামরাই উপজেলার নান্নার ইউনিয়নের সুতিপাড়া-নান্নার আঞ্চলিক সড়কের গোপাল কৃষ্ণপুর এলাকায় একটি সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। ট্রাকটি দুর্ঘটনার পর পালিয়ে গেছে।

নিহত মাহিম ধামরাইয়ের নান্নার ইউনিয়নের গোপাল কৃষ্ণপুর এলাকার মো. এখলাসের ছেলে। সে ধামরাইয়ের আশাবোন স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ জানিয়েছে, মাহিম সকালে স্কুলে যাওয়ার সময় স্থানীয় একটি ইটভাটা থেকে আসা ইটবোঝাই ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।

ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আজাহারুল ইসলাম বলেছেন, “খবর পেয়ে মাহিমের মরদেহ উদ্ধার করা হয়েছে। অভিযোগ না করায় সুরতহাল শেষে মরদেহটি পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। গাড়িটি পালিয়ে গেছে। মাহিমের পরিবার অভিযোগ জানালে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”