কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কামালপুর এলাকায় নদীভাঙন রোধে বেড়িবাঁধে রোপণ করা হয়েছিল মেহগনি গাছ। দীর্ঘদিন ধরে গাছগুলো এলাকাবাসীর কাছে নদীভাঙন রোধের প্রতীক ছিল। স্থানীয়দের অভিযোগ, গাড়ি নিয়ে প্রবেশে প্রতিবন্ধকতা তৈরি হওয়ায় ২০টি গাছ কেটে ফেলেছেন মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন জানিয়েছেন, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর নদীভাঙন ঠেকাতে ওই বেড়িবাঁধে গাছ রোপণের উদ্যোগ নেন। প্রায় ৩০ বছর ধরে গাছগুলো এলাকাবাসীর কাছে আশীর্বাদ হিসেবে বিবেচিত হতো। বিএনপি নেতা জাহিদুল আলম জাহাঙ্গীর শিকদারের বাড়িতে প্রবেশ করতে হলে বাঁধের ওপর দিয়ে যেতে হয়। ব্যক্তিগত গাড়ি নিয়ে চলাচলে সমস্যা হওয়ায় গত ৫ আগস্টের পর গাছ কাটা শুরু হয়। সর্বশেষ গত ২১ ফেব্রুয়ারি একসঙ্গে ১০ থেকে ১২টি গাছ কেটে ফেলা হয়। প্রতিটি গাছের আনুমানিক বাজারমূল্য ১৫ থেকে ২০ হাজার টাকা। বৈদ্যুতিক করাত ব্যবহার করে গাছের গুঁড়ি কেটে ফেলা হয় এবং পরে সেগুলো ধাপে ধাপে সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়া হয়। ঘটনার পর এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়লেও প্রকাশ্যে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছেন না। অভিযুক্ত ব্যক্তি প্রভাবশালী হওয়ায় তারা প্রকাশ্যে কথা বলতেও রাজি হননি।
মিঠামইন উপজেলার বন বিভাগ সূত্র থেকে জানা যায়, বেড়িবাঁধে কেটে ফেলা গাছগুলো স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে স্থানীয় ইউনিয়ন পরিষদের সহায়তায় খোয়াব নামের একটি এনজিও সংস্থা রোপণ করেছিল। বিষয়টি উপকারভোগী স্থানীয় দুঃস্থ নারী ও এলজিইডি দেখাশোনা করেছে।
এদিকে, অভিযোগ অস্বীকার করে জাহিদুল আলম জাহাঙ্গীর বলেছেন, “জায়গা ও গাছগুলো সরকারি না। প্রত্যেকে নিজের জায়গা থেকে গাছ কেটে নিয়েছে। আমি কেন গাছ কাটব? আমার তো কোনো দরকার নেই গাছ কাটার। আমি এ ব্যাপারে কিছুই জানি না।”
গাছ কাটার বিষয়টি জানা নেই মিঠামইন উপজেলার নির্বাহী কর্মকর্তা এসএম আব্দুল্লাহ বিন শফিকের। তিনি সাংবাদিকদের বলেছেন, “আমি আপনাদের মাধ্যমেই জানতে পারলাম। এ ব্যাপারে সরেজমিনে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের মিঠামইন কার্যালয় দাবি করেছে যে, গাছগুলো তাদের। সেখানকার উপজেলা প্রকৌশলী ফয়জুর রাজ্জাক জানিয়েছেন, স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে ১৯৯৫-১৯৯৬ সালে বাঁধ তৈরি করা হয়েছিল। সে সময় গাছগুলো রোপণ করা হয়। গাছ কেটে ফেলার বিষয়টি জানার পর স’মিলে গিয়ে গাছগুলো জব্দ করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।