পটুয়াখালীর কলাপাড়ায় একটি কুকুরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে নুরুল হক নামের এক ব্যক্তির বিরুদ্ধে। ওই কুকুরটির ছয়টি ছানা রয়েছে।
কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের বাদুরতলী বাঁধঘাট গ্রামে সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে এ ঘটনা ঘটে।
ছানাসহ ওই কুকুরটি পালতেন একই গ্রামের নাসরিন নাহার নামে এক নারী। তিনি বলেছেন, “৬-৭ বছর ধরে কুকুরটিকে সন্তানের মতো লালন-পালন করতাম। ভালোবেসে নাম রেখেছিলাম ‘টমি’। এক মাস আগে টমি ছয়টি ছানার জন্ম দেয়। দুটি হাঁসের বাচ্চা কামড়ে মারার অজুহাতে প্রতিবেশী নুরুল হক টমিকে পিটিয়ে হত্যা করে মাটিচাপা দেন। এ বিষয়ে জানতে গেলে আমার মেয়ে ইলাকেও মারধর করা হয়। মাকে হারিয়ে কুকুর ছানাগুলো এখন দিগ্বিদিক ছোটাছুটি করছে।”
এ বিষয়ে জানতে নুরুল হকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
কলাপাড়া উপজেলার প্রাণিসম্পদ অফিসের কর্মকর্তা মারুফ বিল্লাহ বলেছেন, “প্রাণীকে পিটিয়ে মারা দণ্ডনীয় অপরাধ। কুকুরের মালিক আমাদের কাছে আসলে তাদের আইনি সহায়তা দেওয়া হবে।”